ভোটের সময় ফের জঙ্গি উত্থানের শঙ্কা ডিআইজির
দুই বছর আগে হলি আর্টিজান বেকারিতে হামলার পর সাঁড়াশি অভিযানের মুখে জঙ্গিরা দমলেও সামনে নির্বাচনের সময় তারা মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা।
পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এস এম মনিরুজ্জামান বিএনপির প্রতি ইঙ্গিত করে বলছেন, নির্বাচন বানচালে কোনো রাজনৈতিক শক্তি জঙ্গিদের কাজে লাগাতে পারে।
আসন্ন ঈদে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে কথা বলার সময় ভোটের সময় জঙ্গিদের নিয়ে এই শঙ্কার কথা জানান তিনি।
মনিরুজ্জামান বলেন, “যারা নির্বাচন নিয়ে বিতর্ক তুলছে, তাদের সাথে জঙ্গিদের একটি যোগসাজস আছে। বিগত দিনগুলোতে যারা জঙ্গিদের উস্কানি দিয়ে কাজে লাগিয়েছে, আগামী দিনগুলোতেও তারা প্রণোদনা দিয়ে তাদের (জঙ্গি) কাজে লাগাতে পারে।”
ডিআইজি এস এম মনিরুজ্জামান
মনিরুজ্জামান বিএনপির নাম না নিলেও ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা জঙ্গিবাদে মদদ দেওয়ার জন্য বিএনপিকে দায়ী করে আসছে। বিএনপির বিরুদ্ধে নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অভিযোগও তুলছেন তারা।
নির্দলীয় সরকারের অধীনে না হওয়ায় দশম সংসদ নির্বাচনে অংশ নেয়নি বিএনপি। ভোট ঠেকাতে তাদের আন্দোলনে নাশকতায় বহু মানুষ প্রাণ হারায়। নির্বাচনকালীন সরকার নিয়ে মতৈক্য না হওয়ায় বিএনপির আগামী নির্বাচনে অংশগ্রহণও এখনও অনিশ্চিত। সেই সঙ্গে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে রেখে ভোটে না যাওয়ার ঘোষণাও রয়েছে তাদের।
ডিআইজি মনিরুজ্জামান বলেন, নির্বাচনের আগের এই সময়ে কেউ বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে পারে- এমন শঙ্কা পুলিশ উড়িয়ে দিচ্ছে না।
তিনি বলেন, “জঙ্গিদের সমূলে উৎপাটন করা না গেলেও কাঙ্ক্ষিত মাত্রায় নির্মূল করা সম্ভব হয়েছে।”
২০১৬ সালে হলি আর্টিজানে হামলার ছয় দিন পর কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদ জামাতে হামলা করেছিল জঙ্গিরা। এর পর আইনশৃঙ্খলা বাহিনীর টানা অভিযানে বিভিন্ন আস্তানায় মারা পড়েন সন্দেহভাজন অনেক জঙ্গি।
ঢাকার পশ্চিম নাখালপাড়ায় জঙ্গি আস্তানায় অভিযান;এখানে তিন জঙ্গি নিহত হয়েছিলেন (ফাইল ছবি)
ডিআইজি মনিরুজ্জামান বলেন, নতুন করে জঙ্গি হামলার বিষয়টি পুলিশ উড়িয়ে দিচ্ছে না। তাই তারা তৎপর রয়েছেন। বিভিন্ন গোয়েন্দা সংস্থা সম্বন্বিতভাবে কাজ করছে।
নজরদারি বাড়াতে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার পুলিশ সুপারদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
রোহিঙ্গাদের বিষয়েও আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক আছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, দেশে এখন কয়েক লাখ রোহিঙ্গা বসবাস করছে। তাদের বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে। পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনীগুলোও কাজ করছে।
“ঈদ ও নামাজকে কেন্দ্র করে তারা যেন কোনো স্যাবোটাজ করতে না পারে এবং তাদের দিয়ে কেউ যেন ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে, তার জন্য আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক আছে।”
