২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বড় ভাই’ সেজে শাসানোর ভান করে ছিনতাই

নিজেদের রাজনৈতিক ‘বড় ভাই’ পরিচয় দিয়ে তারা রাস্তা দিয়ে হেঁটে যাওয়া স্কুল কিংবা কলেজ ছাত্রকে ডেকে কথা বলার ভান করে ছিনিয়ে নেয় মোবাইল সেট কিংবা টাকা পয়সা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2018, 04:52 PM

Updated : 08 Apr 2022, 06:27 PM

চট্টগ্রামে ছিনতাইকারী চক্রের সাত সদস্যকে গ্রেপ্তারের পর পুলিশ বলছে, এ চক্রটি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ডেকে কথা বলার নামে মোবাইল সেট ও টাকা পয়সা ছিনিয়ে নেয়।

গ্রেপ্তার সাতজন হলেন- গোলাম রসুল সানি (২৩), জেবিন (২৮), শহিদুল ইসলাম সেন্টু (৩০), নাঈম হোসেন (২০), আবু হেনা রণিক (২২), আক্তার হোসেন মামুন (২০) ও সাব্বির খন্দকার (২০)।

এরা মূলত নগরীর, চকবাজার, জিইসি, জুবলি রোড, নন্দনকানন, লালদিঘী এলাকায় ছিনতাই করে। তাদের কাছ থেকে ছিনতাই করা একটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চক্রটির সদস্যরা রাস্তা দিয়ে হেঁটে যাওয়া ছাত্রদের টার্গেট করে। পরে তাদের ডেকে বিভিন্ন রাজনৈতিক গ্রুপ কিংবা অন্য ছাত্রের সাথে মারামারির অভিযোগ তুলে মোবাইল ফোন সেট, টাকা পয়সা ছিনিয়ে নেয়। সুযোগ বুঝে তারা মারধর করেও টাকা পয়সা মোবাইল সেট ছিনিয়ে নেয়।

“গত দুই দিনে তারা তিনজন শিক্ষার্থীর কাছ থেকে মোবাইল সেট ছিনিয়ে নেয় বলেও অভিযোগ আছে তাদের বিরুদ্ধে।”

গত সোমবার এক ছাত্রের কাছ থেকে ছিনিয়ে নেওয়া একটি মোবাইল সেট তাদের তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বলেও জানান ওসি মহসিন।

অভিযানের নেতৃত্ব দেওয়া কোতোয়ালী থানা পুলিশের এসআই ইমদাদ হোসেন চৌধুরী জানান, গত সোমবার জুবলি রোড এলাকায় এক ছাত্রের কাছ থেকে মোবাইল সেট ছিনিয়ে নেয় গ্রেপ্তার হওয়া যুবকরা।

“অভিযোগ পেয়ে আমরা গোপন সংবাদের ভিত্তিতে তিনপুল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করি। তাদের কাছ থেকে গত সোমবার ছিনতাই করা সেটটি উদ্ধার করা হয়।”

এসআই ইমদাদ জানান, গ্রেপ্তার সানি পেশাদার ছিনতাইকারী। কয়েকমাস আগে এসআলম গ্রুপের টাকা ছিনতাইয়ের ঘটনায় সে এজাহারভূক্ত আসামি।

এদিকে কোতোয়ালী থানা পুলিশের অপর একটি দল নন্দনকানন ইউনাইটেড হোটেলে অভিযান চালিয়ে জুনায়েদ আহম্মেদ (২৩) নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে ১৪টি মোবাইল ফোন সেটও উদ্ধার করা হয়।