সীতাকুণ্ডে দুই কিশোরী খুনের আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার
চট্টগ্রামের সীতাকুণ্ডের দুই ত্রিপুরা কিশোরী হত্যাকাণ্ডে সন্দেহভাজন একজনের গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে।
বুধবার সকালে বড় দারোগারহাট গুলগুলা বাজার এলাকার পূর্ব পাশের সড়কের পাশের বিল থেকে উদ্ধারে সময় তার পরিচয় জানা যায়নি।
দুপুরে পুলিশ জানায়, লাশটি সীতাকুণ্ড পৌর সদরের পূর্ব চৌধুরী পাড়া এলাকার মোহাম্মদ হানিফের ছেলে মোহাম্মদ রাজীবের (২৫)।
গত ১৮ মে সীতাকুণ্ডের ত্রিপুরা পল্লীতে সুকলতী ত্রিপুরা ও ছবি রাণী ত্রিপুরা নামে দুই কিশোরীর লাশ তাদের ঘর থেকে উদ্ধার করে পুলিশ।
প্রেমে প্রত্যাখ্যাত হওয়ার জের ধরে ওই এলাকার আবুল হোসেন নামে এক যুবক দুই সহযোগীকে নিয়ে এ হত্যাকাণ্ড ঘটায় বলে পুলিশের দাবি।
ঘটনার পরদিন আবুল হোসেনকে পুলিশ গ্রেপ্তার করে এবং ঘটনার দায় স্বীকার করে আদালতে জবানবন্দিও দেন। তার জবানবন্দিতে এই হত্যাকাণ্ডে রাজীবের সম্পৃক্ততার কথা উঠে আসে বলে পুলিশ জানিয়েছে।
সীতাকুণ্ড থানার এসআই ইকবাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাজীব ত্রিপুরা পল্লীর দুই কিশোরী হত্যাকাণ্ডের সাথে যুক্ত ছিল বলে আমরা জানতে পেরেছি।
“ত্রিপুরা পল্লীতে হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার মূল আসামি আবুল হোসেনের দেওয়া জবানবন্দিতে ঘটনার সাথে রাজীবের সম্পৃক্ততার কথা বলেছিল।”
রাজীবের লাশের পাশে ২ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়ার কথাও জানিয়েছে পুলিশ।
রাজীবের মৃত্যু কীভাবে হয়েছে, সে বিষয়ে স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি। কর্মকর্তারা বলছেন, এটা তদন্ত করে দেখা হবে।
