চট্টগ্রামে অস্ত্র ও গুলিসহ চার যুবক গ্রেপ্তার
চট্টগ্রামে অস্ত্র ও গুলিসহ চার যুবককে গ্রেপ্তারের পর গোয়েন্দা পুলিশ বলছে, গ্রেপ্তাররা ছিনতাইকারী।
সোমবার গভীর রাতে নগরীর দেওয়ান বাজার ব্রিজ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- ইফতেখার হোসেন রিমন ওরফে আয়মান (২১), আব্দুল হামিদ (২১), মো. তপসি (২১) এবং মো. মামুন (১৮)।
তাদের কাছে একটি এলজি, দুইটি কার্তুজ, কিরিচ ও ছুরি পাওয়া গেছে।
গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার আসিফ মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেওয়ান বাজার ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
“গ্রেপ্তারদের মধ্যে আয়মানের বিরুদ্ধে ছিনতাই, অস্ত্র ও মাদকসহ আগের অন্তত পাঁচটি মামলা আছে।”
তিনি বলেন, “তারা দেওয়ান বাজার, ষোলশহর ও প্রবর্ত্তক মোড়সহ বিভিন্ন এলাকায় অস্ত্র ঠেকিয়ে মানুষের কাছ থেকে টাকা পয়সা ছিনিয়ে নেয়।”
গ্রেপ্তারের যুবকরা ছিনতাইয়ের টাকায় ইয়াবা সেবনের কথা স্বীকার করেছেন বলে জানান পুলিশ কর্মকর্তা আসিফ মহিউদ্দিন।
