হাটহাজারীতে তরুণীকে ছুরিতে হত্যা
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কাটিরহাট গ্রামে এক তরুণীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
উপজেলার ধলই ইউনিয়নের কাটিরহাট গ্রামে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত আফসানা পারভিন স্থানীয় জাকির হোসেনের মেয়ে।
এ ঘটনায় আফসানার চাচাত ভাইয়ের স্ত্রী নাসরিন আক্তারকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
পারিবারিক বিরোধের জেরে চাচাত ভাই খোরশেদ আলম ও ভাবি নাসরিন আক্তার মিলে আফসানাকে ছুরিকাঘাত করেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন মো. জাহাঙ্গীর।
তিনি বলেন, “দীর্ঘদিন থেকে পারিবারিক বিরোধ ছিল। গতরাতে নিজ বাড়িতে ডেকে নিয়ে আফসানাকে ছুরিকাঘাত করা হয়।
“ঘটনার পর আফসানাকে নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর থেকে খোরশেদ পলাতক। ধস্তাধস্তির সময় নাসরিনও আঘাত পান। তাকে গ্রেপ্তারের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ওসি জানান।
নাসরিন পেটে ও হাতে ছুরির আঘাত নিয়ে হাসপাতালে রয়েছেন।
আফসানার বাবা জাকির হোসেন বাদী হয়ে খোরশেদ ও নাসরিনকে আসামি করে হত্যা মামলা করেছেন।
খোরশেদকে ধরতে অভিযান চলছে বলে জানান ওসি বেলাল।
