সাতকানিয়ায় হতাহতদের আর্থিক সহায়তা দেবে কেএসআরএম
সাতকানিয়ায় ইফতার সামগ্রী বিতরণের সময় প্রচণ্ড গরমে ভিড়ের চাপে হতাহতদের আর্থিক সহায়তা ও চিকিৎসা খরচ দেবে ইস্পাত কারখানা কেএসআরএম।
সোমবার রাতে বন্দর নগরীর বারিক বিল্ডিং মোড় এলাকায় তাদের কার্যালয়ে কারখানার পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেওয়া হয়।
কেএসআরএমের প্রধান নির্বাহী মেহেরুল করিম জানান, নিহতদের প্রত্যেককে তিন লাখ টাকা করে দেওয়া হবে। পাশাপাশি তাদের পরিবারের সক্ষম একজন ব্যক্তিকে কেএসআরএমে চাকরি দেওয়া হবে।
নিহতদের দাফনের খরচও প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেওয়ার কথা জানান তিনি।
এছাড়া আহতদের চিকিৎসা ব্যয় কেএসআরএমের পক্ষ থেকে করা হবে বলে জানান সিইও মেহেরুল।
সোমবার সাতকানিয়ার নলুয়া ইউনিয়নের পূর্ব গাটিয়াডেঙ্গা (হাঙ্গরমুখ) এলাকার কাদেরীয়া মুঈনুল উলুম দাখিল মাদ্রাসার মাঠে কেএসআরএমের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণের সময় ভিড়ের চাপে নয়জন নারী নিহত হন।
সংবাদ সম্মেলনে মেহেরুল জানান, প্রতিবছর কেএসআরএম মালিক রোজার আগে ইফতার ও যাকাত সামগ্রী দিয়ে থাকেন সাতকানিয়ার দুস্থদের। এবছরও প্রায় ২০ হাজার লোককে ইফতার সামগ্রী ও যাকাত দেওয়ার কথা ছিল।
সোমবার প্রায় ১২ হাজার লোককে যাকাত ও ইফতার সামগ্রী বিতরণের কথা ছিল জানিয়ে তিনি বলেন, সকাল আটটা থেকে ইফতার সামগ্রী বিতরণের কাজ শুরু হয়। এজন্য মহিলা পুলিশসহ ১০০ পুলিশ ও নিজস্ব ২০০ জনের মতো স্বেচ্ছাসেবক নিয়োজিত ছিল।
এছাড়া যেকোনো পরিস্থিতি মোকাবেলায় অ্যাম্বুলেন্স ও তিনজন চিকিৎসককে প্রস্তুত রাখা হয়েছিল।
মেহেরুল বলেন, “লোকজনের চাপ বেড়ে গেলে তীব্র গরমে হুড়োহুড়িতে হিট স্ট্রোক ও শ্বাসকষ্টে বেশ কয়েকজন মহিলা অসুস্থ হয়ে পড়ে। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার সময় নয়জন মারা যায়।”
নিহতদের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমার জানা মতে হিট স্ট্রোক মৃত্যুর মূল কারণ। তবে তার মধ্যে কিছুটা হুড়োহুড়িরও ঘটনা ঘটেছে।”
২০০৫ সালের ৭ অক্টোবর একই স্থানে প্রতিষ্ঠানটির ইফতার বিতরণে আট নারীর মৃত্যুর প্রসঙ্গ তোলা হলে মেহেরুল বিষয়টি এড়িয়ে ওসময় তিনি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন না বলে জানান।
তিনি বলেন, “সোমবার ইফতার ও যাকাত বিতরণে প্রতিষ্ঠানের কোনো গাফিলতি ছিল না। আমরা বিষয়টি মৌখিকভাবে স্থানীয় প্রশাসন ও পুলিশকে জানিয়েছি।”
সাতকানিয়ায় দুর্ঘটনার সংবাদ সংগ্রহ করতে যাওয়া সংবাদকর্মীদের কেএসআরএমের লোকজন বাধা দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
এবিষয়ে মেহেরুলের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি তাদের প্রতিষ্ঠানের কেউ এমন কাজ করবে না বলে দাবি করেন। সেই সঙ্গে এ ধরনের ঘটনা ঘটে থাকলেও তার জন্য ক্ষমা প্রার্থনা করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার (এইচআর অ্যান্ড এডমিন) সৈয়দ নজরুল ইসলাম, ডিজিএম (প্ল্যানিং অ্যান্ড কো অর্ডিনেটর) সাখাওয়াৎ হোসেন।
