লক্ষ্য উন্নত দেশ হওয়া: শিক্ষামন্ত্রী
উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পাওয়াই শেষ নয় মন্তব্য করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, লক্ষ্য ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পাওয়া।
শনিবার চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ১৫তম বৈজ্ঞানিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, “অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিকভাবে অগ্রগতি সাধিত হয়েছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে আমরা একটা স্তরে পৌঁছে গেছি।”
বিশ্বের উন্নত দেশগুলোর নানা রকম কার্যক্রমের সাথে সঙ্গতিপূর্ণভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, “আমাদের লক্ষ্য মধ্যম আয়ের দেশ। উন্নয়নশীল দেশের স্বীকৃতি লাভ করেছি।
“এখানেই শেষ নয়, আমাদের লক্ষ্য ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্র প্রতিষ্ঠা করা। আর সেই উন্নত রাষ্ট্রে পৌঁছাতে আমাদের অনেক কিছুর বিকাশ ঘটাতে হবে।’’
নাহিদ বলেন, “শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে নতুন প্রজন্মকে আধুনিক, সমৃদ্ধ বাংলাদেশের নির্মাতা হিসেবে গড়ে তোলা। ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নদর্শী নেতৃত্বের মাধ্যমে আমরা শিক্ষাখাতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছি।
“শিক্ষাখাতে গুণগত পরিবর্তন আনা এখন আমাদের প্রধানতম চ্যালেঞ্জ এবং এ চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা অনেক উদ্যোগ নিয়েছি এবং ধীরে ধীরে এর ফল পাচ্ছি। আমরা নতুন প্রজন্মকে যোগ্য নাগরিক ও ভবিষ্যৎ নেতা হিসেবে গড়ে তুলতে চাই।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম বুদ্ধ দাশ।
সম্মেলনের এবারের প্রতিপাদ্য ‘বাংলাদেশের মতো একটি মধ্যম আয়ের দেশের টেকসই খাদ্য ব্যবস্থায় মৎস্য ও প্রাণি সম্পদের ভূমিকা।’
আন্তর্জাতিক এ সম্মেলনে ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি সংস্থার প্রায় ২৫০ জন বিজ্ঞানী, গবেষক, শিক্ষাবিদ, পরিবেশবিদ ও বিভিন্ন সংস্থার প্রতিনিধি অংশ নিচ্ছেন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর টেকনিক্যাল সেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, কৃষি অর্থনীতিবিদ ও কেনিয়ার ইন্টারন্যাশনাল লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউটের লিডার মো. আবদুল জব্বার।
দুইদিনের সম্মেলনে মোট ৭টি সেশনে একটি মূল প্রবন্ধ এবং ৪৯টি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
