রোজা সামনে রেখে চট্টগ্রামে বাজারগুলোতে অভিযান শুরু
রোজার মাসকে সামনে রেখে চট্টগ্রামে বাজার তদারকিতে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন।
বুধবার জেলা প্রশাসনের চারটি বাজার মনিটরিং দল নগরীর বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
নগরীর রিয়াজ উদ্দিন ও কাজীর দেউড়ি বাজারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ আলীর নেতৃত্বে অভিযান চালানো হয়।
নগরীর কর্ণফুলী মার্কেটে নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশের ইবনে হালিমের নেতৃত্বে ভ্রাম্যামাণ আদালত মূল্য তালিকা না থাকায় এক মুদি দোকানিকে এক হাজার টাকা জরিমানা করে।
অন্যদিকে স্টিল মিল বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট খোশনূল রুবাইয়াতের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
মূল্য তালিকা না থাকায় সেখানে দোকানি মো. ইদ্রিসকে এক হাজার এবং মো. ইয়াসিন ও পাভেল নামের দুইজনকে তিন হাজার টাকা করে জরিমানা করা হয়।
এছাড়া চকবাজার এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট রঞ্জন দে’র নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
