২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কর্ণফুলীর তীরে স্থায়ী ক্যাম্পাস পাচ্ছে বিএসএমআরএমইউ 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির (বিএসএমআরএমইউ) স্থায়ী ক্যাম্পাস হচ্ছে চট্টগ্রামে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2018, 07:34 PM

Updated : 11 Oct 2022, 12:19 PM

নগরীর কর্ণফুলী নদীর তীরবর্তী চান্দগাঁও-মোহরা এলাকার হামিদ চরে ১০৬ একর জায়গায় হবে এ ক্যাম্পাস।

বিশ্ববিদ্যালয়ের কাজ শুরুর আগে বুধবার কালুরঘাট ভারী শিল্প এলাকায় সাবের আহমেদ কন্টেইনার ইয়ার্ড প্রাঙ্গনে স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা হয়। এত প্রধান াতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন।

সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রিয়ার এডমিরাল এম খালেদ ইকবাল জানান, বিশ্ববিদ্যালয়ের জন্য ৯৬৯ কোটি টাকার ডিপিপি আগামী একনেক মিটিংয়ে পাস করানো হবে। এর পরপরই হামিদ চরে বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত স্থানে কাজ শুরু হবে এবং ২০২১ সাল নাগাদ প্রথম দফার কাজ শেষ হবে।   

উপাচার্য খালেদ ইকবাল জানান, চট্টগ্রাম বন্দরের উদ্যোগে কর্ণফুলীতে ক্যাপিটাল ড্রেজিংয়ের কাজ শিগগিরই শুরু হবে। ড্রেজিংয়ের মাটি দিয়েই হামিদ চরে বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ করা জায়গা ভরাট করা হবে।

নামমাত্র মূল্যে গতবছর হামিদ চরে ১০৬ দশমিক ৬৬ একর জায়গা বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ দেয় সরকার। এ জায়গার মূল মালিকানা ছিল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে।

দেশের ৩৭তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে ২০১৩ সালে বিএসএমআরএমইউ আইন পাস করা হয়। ২০১৫ সাল থেকে শিক্ষা কার্যক্রমে যায় বিশ্ববিদ্যালয়টি। শিক্ষা কার্যক্রম চলছে ঢাকার পল্লবীতে।

বর্তমানে বিশ্ববিদ্যালয়ে বিএসসি ইন ওশানোগ্রাফি ও বিএসসি ইন নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জনিয়ারিং কোর্সে ৮০ জন ও ৩০ জন করে শিক্ষার্থী রয়েছেন।

এছাড়া মেরিটাইম ল, পোর্ট অ্যান্ড শিপিং ম্যানেজমেন্ট ও মেরিটাইম বিজনেস বিষয়ে তিনটি মাস্টার্স কোর্সে ৪০ জন শিক্ষার্থী রয়েছেন।

এ বিশ্ববিদ্যালয়ে মোট ৩৮ বিভাগ করা হবে বলে জানিয়েছেন উপাচার্য খালেদ ইকবাল।

ইতোমধ্যে বিশ্বের আটটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিএসএমআরএমইউর চুক্তি আছে এবং যেগুলো থেকে বিভিন্ন ধরনের সহযোগিতা পেয়ে থাকেন জানিয়ে উপাচার্য এবছরের মধ্যে আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সাথে চুক্তি করার কথা জানান।

মতবিনিময় সভায় স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধিরা বক্তব্য তুলে ধরেন বিশ্ববিদ্যালয় নিয়ে।

রিটাইম বিশ্ববিদ্যালয়ের জন্য বিসিক এলাকা থেকে নদীর পাড় পর্যন্ত রাস্তা তৈরির কথা জানান প্রধান অতিথি মেয়র আ জ ম নাছির।

তিনি বলেন, “এ রাস্তা করার জন্য টেন্ডার দিয়েছি। ওয়ার্ক অর্ডার ইস্যু করা বাকি। মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের জন্য খাল পাড় পর্যন্ত রাস্তা হয়ে যাবে।”

এসব নির্মাণ কাজ করার জন্য মালামাল বহনের সুবিধার্থে খালের উপর একটি বেইলি সেতু তৈরির কথাও জানান মেয়র।

তিনি বলেন, “এ বিশ্ববিদ্যালয় নিজস্ব আইনে পরিচালিত হবে। কারা ভর্তি হতে পারবে বা পারবে না সেটা আইন আনুযায়ী হবে। যিনি ভিসির দায়িত্ব পালন করবেন তার পক্ষে তাৎক্ষণিকভাবে কিছু করা সম্ভব নয়। এ বিশ্ববিদ্যালয়ে কারা ভর্তি হবে কারা হবে না এটা নিয়ে কথা বলার কোনো সুযোগ নেই। আসনসংখ্যা যতটুকু ততটুকু ভর্তি করানো যাবে।

“এর বাইরে আর কোনো ভর্তি করানোর সুযোগ নেই এখানে। এটার পরও যদি কেউ মনে করে আমরা অনুরোধ করলে হয়ে যাবে এটা ভুল ধারণা।”

নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছির বলেন, “এটা বিশ্বমানের একটা মেরিটাইম বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে। তাহলে স্থাপনাগুলোও বিশ্বমানের হতে হবে। এখানে কাউকে ঠিকাদারি কাজ দেওয়ারও সুযোগ নেই। এখানে লেবারের প্রয়োজন হবে, সেক্ষেত্রে উনারা কাজ করার সুযোগ পাবে।”

বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সাংসদ মাঈনুদ্দীন খান বাদল বলেন, “বঙ্গবন্ধুর নামে চট্টগ্রামে বড় কিছু নাই। একটা ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হচ্ছে, চট্টগ্রামবাসীর জন্য এটা গৌরবের।”

চট্টগ্রামে অনেক উন্নয়ন হয়েছে মন্তব্য করে জাসদ নেতা বাদল বলেন, “এটা চট্টগ্রামবাসীর জন্য প্রধানমন্ত্রীর সবচেয়ে বড় পুরস্কার।”