‘কোটা বাতিল নিয়ে টালবাহানা হচ্ছে’
সরকারি চাকরির কোটা ব্যবস্থা বাতিলে প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী দ্রুত প্রজ্ঞাপনের দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রামের আন্দোলনকারীরা।
বুধবার সকালে নগরীর ষোলশহর দুই নম্বর গেইট মোড়ে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, চট্টগ্রাম এ কর্মসূচি পালন করে।
কর্মসূচিতে পরিষদের আহ্বায়ক আনোয়ার হোসেন বলেন, “কোটা নিয়ে প্রধানমন্ত্রী ঘোষণার ২৭ দিন হয়ে গেলেও এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি।”
সরকারের পক্ষ থেকে কোটা নিয়ে টালবাহানা করা হচ্ছে দাবি করে দ্রুত প্রজ্ঞাপন জারির দাবি জানান তিনি।
তা না হলে সারাদেশের মতো চট্টগ্রামে সাধারণ শিক্ষার্থীরা পরবর্তী কর্মসূচি দেবে বলে জানান তিনি।
