চট্টগ্রামে পুলিশ সদস্যকে মারধর
মোটর সাইকেলে হর্ন বাজানোকে কেন্দ্র করে চট্টগ্রামে মারধরের শিকার হয়েছেন এক পুলিশ সদস্য।
সোমবার বিকালে খুলশী থানার লালখান বাজার চাঁনমারী সড়কে এঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
আহত পুলিশ সদস্য সাইফুল আজম দামপাড়া পুলিশ লাইনে নায়েক হিসেবে কর্মরত। ঘটনার সময় তিনি বাহিনীর পোশাকে ছিলেন না।
সাইফুলের স্ত্রী পুলিশ কনস্টেবল ইয়াসমিন আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকালে তার স্বামী পুলিশ লাইন থেকে বেরিয়ে ডবলমুরিং থানায় তাকে আনতে যাওয়ার পথে এই ঘটনা ঘটে।
ইয়াসমিন ডবলমুরিং থানায় নগর পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে কর্মরত।
তিনি বলেন, “সাড়ে ৪টায় আমার অফিস শেষ হওয়ার পর প্রতিদিনের মতো সাইফুল আমাকে আনতে যাচ্ছিল।
“চাঁনমারী রোডে রাস্তায় জ্যাম থাকায় সাইফুল হর্ন বাজায়। এসময় রাস্তার পাশে চা দোকান থেকে এক লোক বের হয়ে হর্ন বাজানোর কারণ জানতে চেয়ে প্রথমে বিতণ্ডায় জড়ায় এবং পরে চড় মারে।”
সাইফুল এসময় নিজেকে পুলিশ পরিচয় দেওয়ার পর ওই লোক ‘মারার জন্য পুলিশ খুঁজছি’ মন্তব্য করে আরও কয়েকজনকে ডেকে এনে মারধর করেন বলে ইয়াসমিন দাবি করেন।
আহত সাইফুল মাথায় আঘাত নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এঘটনায় খুলশী থানায় মামলা হচ্ছে বলে জানিয়েছেন থানার পরিদর্শক (তদন্ত) মহিবুর রহমান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাইফুল হামলকারীদের চিনতে পারেনি। হামলাকারীদের ধরতে পুলিশের কয়েকটি টিম অভিযান চালাচ্ছে।”
