ইস্টার্ন রিফাইনারিতে নতুন ইউনিটের কাজ শুরু ‘দুই মাসে’
রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের নতুন ইউনিট ইআরএল-২ এর নির্মাণ কাজ দুই মাসের মধ্যে শুরু হবে বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
সোমবার চট্টগ্রাম নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) সুবর্ণ জয়ন্তি অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
১৯৬৮ সালের ৭ মে থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু করা ইআরএলের একমাত্র ইউনিটটির বার্ষিক পরিশোধন ক্ষমতা ১৫ লাখ মেট্রিক টন।
১৭ হাজার কোটি টাকা ব্যয়ে নতুন নির্মিতব্য ইআরএল-২ এর পরিশোধন ক্ষমতা হবে বছরে ৩০ লাখ টন জ্বালানি তেল।
অনুষ্ঠানের প্রধান অতিথি জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, প্রধানমন্ত্রী নতুন একটা রিফাইনারি করতে চেয়েছেন। বিগত সরকারগুলো এটা চিন্তাও করে নাই।
নসরুল হামিদ বলেন, বাংলাদেশের যে প্রবৃদ্ধি তাতে তেল ও পেট্রোলিয়ামের ব্যবহার আরও বাড়বে। নিরবচ্ছিন্ন জ্বালানির জন্য এই রিফাইনারি প্রচণ্ডভাবে দরকার।
“আগামী নির্বাচনে শেখ হাসিনার সরকারের ধারাবাহিকতা দরকার। না হলে এই সমস্ত কাজ বন্ধ হয়ে যাবে। আওয়ামী লীগকে দরকার, নৌকা মার্কাকে দরকার। যেন এসমস্ত কাজ করতে পারি।”
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ইআরএল এর নতুন ইউনিটের ডিজাইন শেষ হয়েছে।
“নির্দেশ দিয়েছি দুমাসের মধ্যে নেগোসিয়েশন শেষ করে তারা যেন কাজ শুরু করতে পারে। এটা তৈরি করতে প্রায় তিন বছর লাগবে। ডিপ সি তে পাইপ লাইন তৈরি করছি। সেই পাইপ লাইনে যে তেল আসবে এটা নতুন রিফাইনারিতে যেন ফিড ইন করতে পারে।”
ইআরএলের অধীনে পাইপলাইনের মাধ্যমে সাগরে বড় জাহাজ থেকে অপরিশোধিত জ্বালানি তেল খালাসের জন্য ‘ইনস্টলেশন অব সিঙ্গেল পয়েন্ট মুরিং উইথ ডবল পাইপলাইন’ নামে সাড়ে পাঁচ হাজার কোটি টাকার আরেকটি প্রকল্পের কাজ চলছে।
ইআরএল-২ বিষয়ে প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এটা ইউরো ফাইভ বিশ্বের সর্বাধুনিক ইউনিট।
ভারতে ইউরো সেভেন প্রযুক্তি ব্যবহার হয় উল্লেখ করে এ বিষয়ে জানতে চাইলে নসরুল হামিদ বলেন, “ইন্ডিয়ায় চলতে পারে, কিন্তু আমাদের জন্য যেটা ফিট এটা ইউরো ফাইভ। এটা আমাদের জন্য টেকসই।”
চট্টগ্রামে সোমবার ইস্টার্ন রিফাইনারির সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ছবি: সুমন বাবু
বক্তব্য রাখেন বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি সম্পদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন চেয়ারম্যান আবু হেনা মো. রাহমাতুল মুনিম, ইআরএল এর ব্যবস্থাপনা পরিচালক মো. আকতারুল হক, বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি-আনিক বরদিন।
এলএনজি পাইপলাইনে ‘এ মাসের মধ্যে’
এলএনজি সরবরাহের বিষয়ে জানতে চাইলে নসরুল হামিদ বলেন, “এলএনজির এফএসআরইউ (ভাসমান স্টোরেজ ও পুনরায় গ্যাসের রূপান্তকরণ ইউনিট) এসেছে আমাদের।
“এলএনজির জাহাজ আসতে আরও সময় লাগবে। আশা করছি, যদি সবকিছু ঠিক থাকে, আবহাওয়া যদি ভালো থাকে এ মাসের মধ্যে এলএনজি পাইপলাইনে দিতে পারব।”
এলএনজির দামের বিষয়ে তিনি বলেন, “অবশ্যই ইন্ডাস্ট্রিয়াল এবং কর্মাশিয়াল খাতে কিছুটা প্রাইস অ্যাডজাস্টমেন্ট হবে।”
জ্বালানি খাতের সিস্টেম লসের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, “আমাদের বছরে একশ থেকে দেড়শ মিলিয়ন ডলারের তেল পিলফারেজ হয়, আমি বলব না চুরি। ডিপ সি এবং ঢাকা-চট্টগ্রাম পাইপ লাইন করছি, এগুলো সম্পন্ন হলে দেড়শ-দুশ মিলিয়ন ডলার আমরা সেইভ করতে পারব।”
