কিশোরীকে পিটিয়ে হত্যার অভিযোগ ৩ সৎ ভাইয়ের বিরুদ্ধে
চট্টগ্রামের বাঁশখালীতে এক কিশোরীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে তিন সৎ ভাইয়ের বিরুদ্ধে।
বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডে শনিবার রাতে এ ঘটনার পর পুলিশ তিন ভাইকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার তিন ভাই হলেন- ওই এলাকার সিরাজ মিয়ার ছেলে মো. মোক্তার (২৪), মো. আক্তার (২৫) ও মো. মোস্তাক (২০)।
চট্টগ্রামের পুলিশ সুপার নূরে আলম মিনা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রতিবেশী এক যুবকের সঙ্গে ‘প্রেমের সম্পর্কের’ অভিযোগ তুলে তিন ভাই তাদের নবম শ্রেণিতে পড়ুয়া সৎ বোনকে পেটানোর পর তার মৃত্যু হয়।
রুমানা আক্তার নামে ১৫ বছর বয়সী ওই কিশোরী স্থানীয় একটি স্কুলে পড়ালেখা করত।
পুলিশ সুপার বলেন, রাতে তিন ভাই মিলে রুমানাকে মারধরের পর তার মৃত্যু হয়। স্থানীয় এক লোক বিষয়টি টেলিফোনে বাঁশখালী থানার ওসিকে জানানোর পর পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে এবং তিন ভাইকে গ্রেপ্তার করে।
রুমানার তিন সৎ ভাই ও তাদের মা যে বক্তব্য দিয়েছে, সেখানে ‘অসামঞ্জস্য’ রয়েছে জানিয়ে নূরে আলম মিনা বলেন, “পরিবার দাবি করেছে. হতাশা থেকে রুমানা আত্মহত্যা করেছে। তবে সুরহতাল প্রতিবেদন করার সময় তার গায়ে জহমের চিহ্ন পাওয়া গেছে।”
রুমানার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, “প্রাথমিকভাবে আমরা নিশ্চিত, মারধরের কারণে রুমানার মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে তিন ভাইকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হবে।”
