২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে যুবলীগ নেতার মৃত্যু দুর্ঘটনা নয়, হত্যা: পুলিশ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় যুবলীগ নেতা আবুল হাশেমের অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনা দুর্ঘটনা ছিল না, বরং তাকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2018, 01:57 PM

Updated : 11 Oct 2022, 12:19 PM

পুরনো খবর:

রাঙ্গুনিয়ায় নিজের ঘরে আগুনে পুড়ে যুবলীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত সুপার (সদর)  রেজাউল মাসুদ রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা আগুনে পুড়ে মৃতু নয়, হত্যা। এ ঘটনায় শনিবার একজনকে গ্রেপ্তার করা হয়েছে।”

গ্রেপ্তার জিফু বেগম (৩৫) ওই এলাকারই বাসিন্দা। হাশেমের সঙ্গে তার ‘পরকীয়ার সম্পর্ক’ ছিল, কিন্তু নানাভাবে ‘হয়রানির শিকার’ হয়ে এই যুবলীগ নেতাকে তিনি হত্যা করেন বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দাবি করেছেন। 

রাঙ্গুনিয়া পৌর সদরের ৯ নম্বর ওয়র্ডের ইছামতি এলাকার একটি বাসা থেকে গত শুক্রবার রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সহ-সভাপতি আবুল হাশেম বাচার (৫০) পোড়া লাশ উদ্ধার করে পুলিশ।

সে সময় পুলিশ বলেছিল, ঘরে থাকা একটি সিলিন্ডার থেকে বের হওয়া গ্যাস জমে যাওয়ায় সেখানে আগুন লেগে যায় বলে প্রাথমিকভাবে তারা ধারণা করছে।

Image
আবুল হাশেম বাচা

আবুল হাশেম বাচা

রাঙ্গুনিয়া থানার ওসি ইমতিয়াজ ভূঁইয়া সেদিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “হাশেমের পুরো শরীর ছিল পোড়া। ঘরের ভেতরে একটি গ্যাস সিলিন্ডার ছিল। সেখান থেকে গ্যাসও বের হচ্ছিল। শোবার ঘরে কোনো জানালা না থাকায় ধোঁয়া জমে ছিল। ঘরের আসবাবপত্রও পুড়ে গেছে।”

হাশেমের স্ত্রী ও সন্তান সেই রাতে বাসায় ছিলেন না। সকালে ধোঁয়া দেখে ওই বাসায় আগুন লাগার বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা থানায় খবর দেন।

একজন পুলিশ কর্মকর্তা বলেন, “জিফু বেগম প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাশেমকে হত্যার কথা স্বীকার করেছে। সে বলেছে, জুসের সঙ্গে সে হাশেমকে ঘুমের ওষুধ খাওয়ায় পরে সিলিন্ডার খুলে দিয়ে আগুন লাগানোর ব্যবস্থা করে ওই বাসা থেকে চলে যায়।”

রোববার দুপুরে জেলার পুলিশ সুপার সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করবেন বলে জানান ওই কর্মকর্তা।