রাঙ্গুনিয়ায় নিজের ঘরে আগুনে পুড়ে যুবলীগ নেতার মৃত্যু
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় এক যুবলীগ নেতা নিজের ঘরে দগ্ধ হয়ে মারা গেছেন।
নিহত আবুল হাশেম বাচা (৫০) রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।
ঘরে থাকা একটি সিলিন্ডার থেকে বের হওয়া গ্যাস জমে যাওয়ায় সেখানে আগুন লেগে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
রাঙ্গুনিয়া থানার ওসি ইমতিয়াজ ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পৌর শহরের ইছামতি ৯ নম্বর ওয়ার্ডে হামেশের বাসা থেকে শুক্রবার সকালে তার লাশ উদ্ধার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “হাশেমের পুরো শরীর ছিল পোড়া। ঘরের ভেতরে একটি গ্যাস সিলিন্ডার ছিল। সেখান থেকে গ্যাসও বের হচ্ছিল। শোবার ঘরে কোনো জানালা না থাকায় ধোঁয়া জমে ছিল। ঘরের আসবাবপত্রও পুড়ে গেছে।”
স্ত্রী ও সন্তান বেড়াতে যাওয়ায় হাশেম রাতে একাই বাসায় ছিলেন বলে জানান ওসি ইমতিয়াজ।
স্থানীয়রা জানান, সকালে ধোঁয়া দেখে তারা ওই বাসায় ঢুকে আগুন লাগার বিষয়টি বুঝতে পারেন।
পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
