২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে চট্টগ্রামে আলোচনা

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে চট্টগ্রামের আমেরিকান কর্নার ‘পেশা হিসেবে সাংবাদিকতা’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2018, 11:23 PM

Updated : 19 Aug 2022, 01:59 PM

বৃহস্পতিবার বিকালে নগরীর জামালখানে চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) ক্যাম্পাসে অবস্থিত আমেরিকান কর্নারে হওয়া অনুষ্ঠানে একদল তরুণ পেশা হিসেবে কীভাবে সাংবাদিকতাকে নেওয়া যায়, তা জানতে তিন সাংবাদিকের মুখোমুখি হন।

এ অনুষ্ঠানে চট্টগ্রামের প্রবীণ তিনজন সাংবাদিককে সম্মাননাও দেওয়া হয়। এরা হলেন- দৈনিক আজাদীর সহকারী সম্পাদক কবি অরুণ দাশগুপ্ত, দৈনিক পূর্বকোণের সহকারী সম্পাদক কবি স্বপন দত্ত ও দৈনিক সুপ্রভাত বাংলাদেশের সহযোগী সম্পাদক সুভাষ দে।

প্রম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিআইইউ’র উপাচার্য অধ্যাপক ড. মাহফুজুল হক চৌধুরী ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দীন শ্যামল।

এর আগে আমেরিকান কর্নার চট্টগ্রামের সহকারী পরিচালক রুমা দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত ‘পেশা হিসেবে সাংবাদিকতা’ আলোচনায় অংশ নেন চ্যানেল টোয়েন্টিফোরের চট্টগ্রাম রিজিওনাল এডিটর কামাল পারভেজ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিনিয়র করেসপন্ডেন্ট মিন্টু চৌধুরী ও দৈনিক আজাদীর প্রতিবেদক রতন বড়ুয়া।

উপস্থিত একদল তরুণ শিক্ষার্থীদের নিজেদের সাংবাদিক হওয়া এবং পেশা হিসেবে সাংবাদিকতার বিভিন্ন চ্যালেঞ্জ, সম্ভাবনা ও সমস্যার কথা তুলে ধরেন তিন সাংবাদিক।

একইসাথে তারা বর্তমান তথ্য প্রযুক্তির যুগে সাংবাদিকতার পরিবর্তন এবং এর বিভিন্ন দিক নিয়ে তাদের অভিজ্ঞতা  শিক্ষার্থীদের কাছে তুলে ধরেন।

এছাড়া শিক্ষার্থীরা তাদের বিভিন্ন প্রশ্নও তিন সাংবাদিককে করেন।

প্রবীণ তিন সাংবাদিককে সম্মাননা প্রদান অনুষ্ঠানে সিআইইউর উপাচার্য মাহফুজুল হক চৌধুরী বলেন, তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহে সাংবাদিকতা নানা সুবিধার পাশাপাশি বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন।

সাংবাদিকদের এ চ্যালেঞ্জ মোকাবেলা করেই দেশের কল্যাণে নিবেদিত হতে হবে মন্তব্য করে বলেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, দায়িত্বও।

প্রকৃত সাংবাদিকদের দেখে শিক্ষিত তরুণরা এ পেশায় যুক্ত হতে এগিয়ে আসবেন বলে আশা প্রকাশ করেন তিনি।     

সভায় বক্তারা বলেন, বাংলাদেশে গণমাধ্যম ও গণমাধ্যমকর্মীরা এখনও বিভিন্ন ধরনের নিগ্রহ ও নিপীড়নের শিকার হচ্ছেন। বিশ্বের ১৮০টি দেশের মধ্যে মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান ১৪৬ তম, যা হতাশাব্যঞ্জক।