২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চিঠি ‘লিখে রেখে যাবেন’ দিয়াজের মা

ছেলে ‘হত্যার’ বিচারে প্রধানমন্ত্রীর সাক্ষাতের আকুতি জানিয়েছেন ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান চৌধুরীর মা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2018, 10:25 PM

Updated : 19 Aug 2022, 01:59 PM

বুধবার ফেইসবুকে নিজের একাউন্ট থেকে একটি স্ট্যাটাসে জাহেদা আমিন চৌধুরী লিখেছেন, সাক্ষাৎ পাওয়ার আগে তার মৃত্যু হলে তিনি তার আগেই একটি চিঠি লিখে যাবেন। 

২০১৬ সালের ২০ নভেম্বর রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাসে বাসা থেকে উদ্ধার করা হয় ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক দিয়াজের লাশ।

ময়নাতদন্তে এটি আত্মহত্যা বলা হলেও আপত্তি জানান দিয়াজের মা। এরপর দ্বিতীয় দফা ময়নাতদন্তে মেলে হত্যার আলামত।

মামলার আসামিদের একজন বাদে অন্যরা কেউ গ্রেপ্তার না হওয়ায় নানা কর্মসূচি পালন করে আসছেন দিয়াজের মা।

Image
অনশনে জাহেদা আমিন চৌধুরী (ফাইল ছবি)

অনশনে জাহেদা আমিন চৌধুরী (ফাইল ছবি)

ফেইসবুক স্ট্যাটাসে জাহেদা আমিন লিখেছেন, “এখনও খুনের হুকুমদাতারা, খুনিরা প্রকাশ্যে বীরদর্পে হুমকিতে ও যত দুর্নীতি সবই……। অবাক চোখে তাকিয়ে আছি।”

ছাত্রলীগ নেতার মা লেখেন, “মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সঠিক তথ্য পাবেন না। কারণ মিরজাফর, খন্দকার মোশতাক অনুসারীরা চারিদিক ঘিরে আছে। আমি জানি আপনি মানবতার মা। সঠিক সিদ্ধান্ত নিতে আপনি আল্লাহ ছাড়া কাউকে ভয় পান না।

“আপনার কাছে আমার আকুল আবেদন- আমি আমার সন্তান হত্যার বিচার চাই। আমি আর পারছিনা। হয়ত আমি মারাও যেতে পারি।

“তার আগেই যদি আপনার কাছে যেতে না পারি- মাননীয় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী বরাবর আমার হাতে লেখা একটি চিঠি পবিত্র আল কোরআনের ভিতর রেখে যাব। দয়া করে আপনাদের মূল্যবান সময় ব্যয় করে চোখ বুলিয়ে নিবেন।”

স্ট্যাটাসের সাথে দিয়াজ, তার ঘর ভাংচুরের মোট ১৬টি ছবিও শেয়ার করেছেন জাহেদা আমিন।

মার স্ট্যাটাস দেওয়ার বিষয়টি নিশ্চিত করে দিয়াজের বোন জুবাঈদা ছরওয়ার চৌধুরী নিপা আসামিদের গ্রেপ্তারে পুলিশের তৎপরতা নিয়ে প্রশ্ন তোলেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালতের নির্দেশের পর এক আসামি গ্রেপ্তার হলেও উচ্চ আদালত থেকে জামিন নিয়েছে। অন্য আসামিরা এখনো কেউ গ্রেপ্তার হয়নি। মামলার অভিযোগপত্রও দেয়নি সিআইডি।”

পুরনো খবর:

খুনিদের বিচার চেয়ে চবিতে অনশনে দিয়াজের মা