চট্টগ্রামের পুলিশ কমিশনারকে ঢাকায় বদলি
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার ইকবাল বাহারকে ঢাকায় পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।
ইকবাল বাহারকে সদর দপ্তরের অতিরিক্ত আইজি (টিঅ্যান্ডআইএম) হিসেবে পদায়ন করে গত ২৬ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে।
তবে চট্টগ্রামের পুলিশ কমিশনার হিসেবে কাউকে নিয়োগ দেওয়া হয়নি।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন) মাসুদ উল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিএমপি কমিশনারকে ঢাকায় পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি (টেলিকম) পদে বদলি করা হয়েছে বলে জেনেছি। আদেশের কপি এখনো পাইনি।
“উনার পদোন্নতি হওয়ার পর এই পদে পদায়নসহ বদলি করা হলো। উনার বর্তমান পদে কাউকে দায়িত্ব দেওয়া হয়নি।”
নতুন সিএমপি কমিশনার নিয়োগ না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করবেন মাসুদ উল হাসান।
২০১৬ সালের ১০ এপ্রিল সিএমপির কমিশনার পদে যোগ দেন ইকবাল বাহার।
১৯৮৯ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশ বাহিনীতে যোগ দেওয়া ইকবাল বাহার সিএমপি কমিশনার হওয়ার আগে রাজশাহী পুলিশের ডিআইজি ছিলেন।
এর আগে তিনি পুলিশ সদর দপ্তরের ডিআইজি প্রশাসন, টেলিকম ও রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবেও দায়িত্ব পালন করেন।
এছাড়াও ঢাকা ও যশোর জেলার পুলিশ সুপারও ছিলেন ইকবাল বাহার।
