২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনায় মৃত্যুর পর সড়কে ভারী যান বন্ধের নির্দেশ

দুই দিন আগে ট্রাকচাপায় এক পথচারীর মৃত্যুর পর স্থানীয়দের দাবির মুখে চট্টগ্রাম নগরীর কবি নজরুল ইসলাম সড়কে ভারী যান চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন মেয়র আ জ ম নাছির উদ্দিন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2018, 09:04 PM

Updated : 19 Aug 2022, 01:59 PM

সোমবার বিকালে নগরীর আলকরণ ও ফিরিঙ্গি বাজার ওয়ার্ডের বাসিন্দারা এই দাবিতে নগর ভবনে গিয়ে মেয়রের সঙ্গে দেখা করেন।

এরপর সিটি করপোরেশনের (সিসিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,  “স্থানীয়দের দাবির প্রেক্ষিতে মেয়র কবি নজরুল ইসলাম সড়কে ভারী যানবাহন চলাচল বন্ধ করতে সিসিসি’র প্রধান প্রকৌশলীকে নির্দেশ দিয়েছেন।”

প্রধান প্রকৌশলী কর্নেল মহিউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেয়র মহোদয়ের নির্দেশনা পেয়েছি। সে অনুযায়ী আমরা ট্রাফিক বিভাগকে চিঠি দেব।”

ওই সড়কের প্রবেশ পথে লোহার কাঠামো দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা হবে বলে জানান তিনি, যাতে ভারী যানবাহন ঢুকতে না পারে।

কবি নজরুল ইসলাম সড়কে সংযুক্ত অন্য সড়কগুলোতেও যাতে ভারী যান প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কর্নেল মহিউদ্দিন।

এলাকাবাসীকে মেয়র বলেন, “এই সড়কে পথচারী, স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও নারীরা চলাচল করেন। তাদের চলার পথে ভারী যানবাহন অবাধে চলাচল করা সঠিক নয়। এই সড়কটি হালকা যান চলাচলের জন্য খোলা রাখা হবে।”

স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন দুর্ঘটনায় নিহত অডি রিবেরুর স্ত্রী মেরী রিবেরু। সঙ্গে ছিলেন নিহতের স্বচন এডাম রিবেরু, মারজুরি রিবেরু, ইরোল গোমেজ, সিওয়াসটার বারনাডেল, স্থানীয় বাসিন্দা রফিকুল হোসেন বাচ্চু, আলকরণের কাউন্সিলর তারেক সোলায়মান সেলিমসহ মহল্লার নেতারা।

গত শনিবার দুপুরে নগরীর কবি নজরুল ইসলাম সড়কের ফিরিঙ্গি বাজার অংশে ট্রাকচাপায় মারা যান অডি রিবেরু (৬০)। অবসরে থাকা এই গাড়িচালক তিন সন্তানের জনক।

দুর্ঘটনায় অডি রিবেরুর মৃত্যুর পর স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ওই সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ রাখে। পরে পুলিশের আশ্বাসে যান চলাচল স্বাভাবিক হয়।

পুরনো খবর:

চট্টগ্রামে ট্রাকচাপায় পথচারীর মৃত্যু, সড়ক অবরোধ