চট্টগ্রামে ট্রাকচাপায় পথচারীর মৃত্যু, সড়ক অবরোধ
চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার ফিরিঙ্গি বাজার এলাকায় ট্রাকচাপায় এক পথচারীর মৃত্যুর পর সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে স্থানীয়রা।
শনিবার বেলা পৌনে ১টার দিকে ফিরিঙ্গি বাজার ওয়ার্ড কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত ব্যক্তির নাম অডি রিবেরু (৬০)। তিনি ১০২ আলকরণ এলাকার বাসিন্দা মৃত অ্যাডগা রিবেরুর ছেলে।
দুই মেয়ে ও এক ছেলের জনক অডি রিবেরু একটি প্রতিষ্ঠানের গাড়ি চালাতেন। তবে অনেকদিন ধরে অবসরে ছিলেন।
পাথরঘাটা পুলিশ ফাঁড়ির এসআই নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হেঁটে যাওয়ার সময় একটি ট্রাক ওই ব্যক্তিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।”
ট্রাকটি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।
এসআই নুরুল বলেন, দুর্ঘটনার পর হাজার হাজার মানুষ জড়ো হয়ে যায়। তারা ফিরিঙ্গা বাজার সড়ক অবরোধ করে।
এতে মেরিনার্স সড়ক হয়ে দক্ষিণ চট্টগ্রামমুখী যান চলাচল বন্ধ হয়ে যায়।
চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি) মো. জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেলা পৌনে ২টার দিকে স্থানীয়রা সড়ক অবরোধ তুলে নেন।”
রিবেরুর লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছ বলে কোতোয়ালি থানার এসআই মো. ইদ্রিস জানিয়েছেন।
