বরখাস্তের জেরে ড্যাপ কারখানায় হামলা, আহত ৩
চার শ্রমিককে বরখাস্তের জেরে চট্টগ্রামে একটি সার কারখানার সরকারদলীয় নেতাকর্মীদের হামলার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার দুপুরে আনোয়ারা উপজেলায় ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে ওই হামলায় কারখানার উপ-ব্যবস্থাপক (প্রশাসন) আবুল বাশার, প্রধান সহকারী হিসাব রক্ষক আনোয়ার আল সাদাত ও গাড়ি চালক বশির উদ্দিন আহত হয়েছেন।
কারখানা কর্তৃপক্ষের অভিযোগ, আনোয়ারা উপজেলা শ্রমিক লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতির নেতৃত্বে হামলা চালানো হয়।
ড্যাপ নামে পরিচিত কারখানাটি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) অধীনে পরিচালিত হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক কারখানার ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শওকত ওসমান, শ্রমিকলীগের সভাপতি জসীম উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ সৈয়দের নেতৃত্বে ১০-১২টি মোটর সাইকেলে করে কিছু লোকজন এসে হামলা চালায়।
তারা কারখানার ব্যবস্থাপকের খোঁজ করে এবং চার শ্রমিকের বরখাস্ত আদেশ প্রত্যাহারের দাবি জানায়।
ওই কর্মকর্তা জানান, গত ২৪ মার্চ শ্রমিকদের দুইপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। ঘটনায় কর্তৃপক্ষের করা তদন্ত কমিটির সুপারিশে চার শ্রমিককে বরখাস্ত করা হয়।
হামলায় আহত দুই কর্মকর্তা তদন্ত কমিটির সদস্য ছিলেন বলেও জানান তিনি।
হামলার ঘটনায় কারখানা কর্তৃপক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছে বলেও কারখানার কয়েকজন কর্মকর্তা জানান।
তবে পুলিশ বলছে এখনও পর্যন্ত কারখানা কর্তৃপক্ষ লিখিত কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
কর্ণফুলী থানার ওসি সৈয়দুল মোস্তফার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, “কারখানায় একটা ঝামেলা হওয়ার খবর শুনেছি। আমি শহরে আছি। অভিযোগ পাওয়া গেলে আমরা ব্যবস্থা গ্রহণ করব।”
থানার পরিদর্শক (তদন্ত) হাসান ইমাম বলেন, “শ্রমিক বরখাস্ত নিয়ে একটা ঝামেলা হয়েছে। খবর পেয়ে আমরা পুলিশ পাঠিয়েছি। লিখিত অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
