২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিপণী বিতানে ক্রেতা সেজে চুরি, নারীসহ গ্রেপ্তার চার

চট্টগ্রামের জহুর হকার মার্কেটে ক্রেতা বেশে পণ্য চুরির ঘটনায় এক নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2018, 08:41 PM

Updated : 08 Apr 2022, 06:17 PM

গ্রেপ্তাররা হলেন- মো. নাছির (৫৫), তার স্ত্রী তাসলিমা (৫০), সৈয়দ ওরফে লাদেন (৩৫) এবং মো. মামুন (১৮)।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) শাহ মো. আব্দুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জহুর হকার মার্কেটের একটি দোকান থেকে চার বান্ডিল কাপড় চুরির অভিযোগ ছিল।

“দোকানের সিসি ক্যামরায় চুরির দৃশ্য ধরা পড়ে। তা দেখে শনাক্ত করার পর লাদেনকে মহল মার্কেটের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।”

পরে লাদেনের দেওয়া তথ্যের ভিত্তিতে নগরীর বাদুরতলা এলাকা থেকে অন্য তিনজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ কর্মকর্তা আব্দুর রউফ বলেন, গ্রেপ্তার চারজন জানিয়েছে তারা বিভিন্ন সময় নগরীর রিয়াজ উদ্দিন বাজার, নিউ মার্কেট, টেরি বাজার ও হকার মার্কেটে এভাবে ক্রেতা বেশে মালামাল চুরি করেছে।

গত ১৭ এপ্রিল জহুর হকার মার্কেটের তূর্ণা ফ্যাশন ওয়ার নামের দোকানে ওই চুরির ঘটনা ঘটে।

দোকানটির ব্যবস্থাপক বিপ্লব বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৭ এপ্রিল রাতে দোকানের হিসাব মেলাতে গিয়ে গরমিল ধরা পড়লে সিসি ক্যামরার ফুটেজ দেখি।

“তখন দেখতে পাই ওইদিন সকাল সাড়ে ১০টার দিকে ক্রেতা বেশে পণ্য দেখার ভান করে দুটি টপসের বান্ডিল এবং দুটি ম্যাক্সির বান্ডিল তারা কৌশলে নিয়ে গেছে।”

চুরি যাওয়া পণ্যের মূল্য প্রায় এক লাখ টাকা উল্লেখ করে এ বিষয়ে নগরীর কোতোয়ালী থানায় সিসি ক্যামরার ফুটেজসহ মামলা করেন বিপ্লব বড়ুয়া।