চ্যালেঞ্জ মোকাবেলায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ
জাহাজ, কন্টেইনার ও কার্গোর প্রবৃদ্ধি সামাল দেওয়া চ্যালেঞ্জে পরিণত হয়েছে উল্লেখ করে তা মোকাবেলায় সর্বাত্মক চেষ্টার কথা জানিয়েছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর জুলফিকার আজিজ।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ১৩১তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
২০১৬ ও ২০১৭ সালে চট্টগ্রাম বন্দরে হ্যান্ডলিং করা কন্টেইনার ও কার্গো পণ্যের তথ্য উল্লেখ করে কমডোর জুলফিকার বলেন, গত এক বছরে কন্টেইনার হ্যান্ডলিং বেড়েছে ৯ দশমিক ৩৬ শতাংশ এবং কার্গো হ্যান্ডলিংয়ের বেড়েছে ১০ দশমিক ৯৭ শতাংশ।
“এক বছরে জাহাজ বেড়েছে ৩৫৬টি। কার্গো, কন্টেইনার ও জাহাজের এই প্রবৃদ্ধি সামাল দেওয়া চট্টগ্রাম বন্দরের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় নিরলস পরিশ্রম করে যাচ্ছি।”
২০১৬ সালের ২৩ লাখ ৪৬ হাজার ৯০৯ টিইইউ’স কন্টেইনার এবং ৭ কোটি চার লাখ ৭৫ হাজার ৫৮৪ মেট্রিকটন কার্গো হ্যান্ডলিংয়ের পর ২০১৭ সালে চট্টগ্রাম বন্দরে ২৬ লাখ ৬৭ হাজার টিইইউ’স কন্টেইনার ও ৮ কোটি ৫২ লাখ ৪৬ হাজার ৯৪৮ মেট্রিক টন কার্গো হ্যান্ডলিং হয়।
২০১৬ সালে তিন হাজার ১৪টি জাহাজ বন্দরে ভিড়েছিল। ২০১৭ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় তিন হাজার ৩৭০টিতে।
বন্দর চেয়ারম্যান বলেন, “এরপরও বন্দরে জাহাজের গড় অবস্থান কাল ২ দশমিক ৭৫ দিন থেকে কমিয়ে ২ দশমিক ৫৮ দিনে আনা হয়েছে। ৬৭ হাজার বর্গমিটার নতুন ইয়ার্ড নির্মাণ করা হয়েছে।
“অফ ডকের পণ্য সংখ্যা বাড়াতে চেম্বারকে চিঠি দিয়েছি, যাতে বন্দরে না করে অফ ডকে নিয়ে আরও বেশি পণ্য খালাস হয়।”
কমডোর জুলফিকার বলেন, কার্গো ও কন্টেইনার হ্যান্ডলিং বৃদ্ধি সামাল দেওয়ার জন্য সেনাবাহিনীর মাধ্যমে শুরু হওয়া পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল নির্মাণ কাজ ২০১৯ এর ডিসেম্বর নাগাদ শেষ হবে।
“আগামী বছরের মাঝামাঝি নাগাদ লালদিয়া মাল্টিপারপাস টার্মিনালের নির্মাণ শুরু করা যাবে। মিরসরাইয়ে জেটি নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষার প্রতিবেদন কয়েক মাসের মধ্যে পাব।”
বে-টার্মিনালে ডেলিভারি ইয়ার্ড
প্রস্তাবিত বে-টার্মিনালে একটি ডেলিভারি ইয়ার্ড ও একটি টার্ক টার্মিনাল নির্মাণের কাজ দ্রুত শুরুর আশাবাদ ব্যক্ত করেছেন বন্দর চেয়ারম্যান।
জুলফিকার আজিজ বলেন, বে-টার্মিনালের জন্য প্রস্তাবিত ৯০৭ একর জমির মধ্যে ব্যক্তি মালিকানাধীন ৬৮ একর জেলা প্রশাসন ইতিমধ্যে অধিগ্রহণ শুরু করেছে। ৩০ মে’র মধ্যে এই জমি বন্দরের কাছে হস্তান্তর হবে।
“ওই জমি প্রাপ্তির সঙ্গে সঙ্গে ডেলিভারি ইয়ার্ড ও ট্রাক টার্মিনাল নির্মাণ শুরু করব। বন্দর থেকে ট্রেন ও ট্রেলারে পণ্য বে-টার্মিনালের ইয়ার্ডে নিয়ে সেখান থেকে ডেলিভারি করলে জাহাজ জট এবং কন্টেইনার ও ট্রাকের চাপ কমবে।”
কর্ণফুলী নদীতে ক্যাপিটাল ড্রেজিং বিষয়ে জানতে চাইলে বন্দর পর্ষদ সদস্য (হারবার) কমডোর শাহীন রহমান বলেন, কর্ণফুলীর চ্যানেলের ১৪ কিলোমিটারের মধ্যে কিন্তু ৯ দশমিক পাঁচ মিটার ড্রাফটের জাহাজ ঢুকছে। চিহ্নিত স্থানগুলোতে নিয়মিত ড্রেজিং কার্য পরিচালনা করছি।
“যদি প্রতি বছর ঠিকমতো ড্রেজিং না করতাম তাহলে ৯ দশমিক পাঁচ মিটারের জাহাজ আসতে পারত না। এ পর্যন্ত ২০ লাখ ২৪ হাজার ১১৫ কিউবিক মিটার মাটি ড্রেজিং করেছি গত বছরে।”
শাহীন রহমান বলেন, ক্যাপিটাল ড্রেজিং হবে চট্টগ্রাম বন্দরের আরও উজানে শাহ আমানত সেতুর কাছে।
“এটা যেহেতু বন্ধ হয়ে গিয়েছিল, ওইখানে পলি জমা শুরু করেছে। নৌ বাহিনীর সাথে মিটিং করেছি। এক থেকে দেড় মাসের মধ্যে কাজে হাত দিতে পারব।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বন্দর পর্ষদ সদস্য কামরুল আমিন এবং ক্যাপ্টেন খন্দকার আখতার হোসেন
