নির্বাচন হিন্দুদের জন্য আতঙ্কের: শাহরিয়ার কবির
বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের জন্য নির্বাচন আতঙ্কের বিষয় বলে মন্তব্য করেছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির।
শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের মুসলিম ইন্সটিটিউট হলে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম বিভাগীয় সমন্বয় কমিটির মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
শাহরিয়ার কবির বলেন, অনেকের জন্য নির্বাচন উৎসবমুখর। কিন্তু বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের জন্য নির্বাচন উৎসবের নয়, আতঙ্কের। অতীতেও নির্বাচনের পর তারা সহিংসতার শিকার হয়েছে।
“আমরা আশঙ্কা করছি, অতীতের যে কোনো সময়ের চেয়ে ২০১৮ সালে বেশি সহিংসতা হবে। এর শিকার হবে সংখ্যালঘু সম্প্রদায়। আশঙ্কার কথা বলছি, কিন্তু এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ দেখিনি।”
“সবাই বলছে প্রতিনিধিত্বমূলক নির্বাচনের কথা। ষড়যন্ত্র হচ্ছে, বলা হচ্ছে- বিএনপি-জামায়াত না এলে ইনক্লুসিভ নির্বাচন হবে না। আমি প্রশ্ন করি এই দুই কোটি সংখ্যালঘু মানুষকে বাদ দিয়ে কিভাবে ইনক্লুসিভ নির্বাচন হবে?”
‘দুই জেনারেল’ এর কাজের ফল পুরো জাতি ভোগ করছে দাবি করে শাহরিয়ার কবির বলেন, একাত্তরে কী আমরা যুদ্ধ করেছি স্বাধীন বাংলাদেশে ‘রাষ্ট্রধর্ম’ রাখার জন্য? এখনো যদি রাষ্ট্রধর্ম থাকে তাহলে পাকিস্তান ভাঙ্গার কী দরকার ছিল?
“সবাই ধর্ম নিয়ে রাজনীতি করছে, কে করছে না? বরং এ নিয়ে প্রতিযোগিতা চলছে। মৌলবাদী চেতনা বিস্তারের ক্ষেত্র তৈরি করছেন আর দাবি করবেন মৌলবাদ-সন্ত্রাসবাদ নেই, তা তো হয় না।”
সরকারের ‘মডেল মসজিদ’ প্রকল্পের সমালোচনা করে শাহরিয়ার কবির বলেন, সরকারিভাবে কখনো মসজিদ-মাদ্রাসা হয় না। ইসলামে আছে মসজিদ করবে ব্যক্তি বা গোষ্ঠী। সরকারের টাকায় দেশে মাদ্রাসা হতে পারে না। এটা সংবিধানেও নেই, ইসলামেও নেই।
রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য বিরাট হুমকি উল্লেখ করে শাহরিয়ার কবির বলেন, রাখাইনে গণহত্যা হয়েছে এটা সত্য। কিন্তু রোহিঙ্গা ক্যাম্পে মৌলবাদের বিষবাস্প ছড়াচ্ছে জামায়াত ও হেফাজত। সেখানে তারা এক হাজার মাদ্রাসা করেছে।
“তাদের লক্ষ্য এক লাখ রোহিঙ্গাকে জেহাদি বানাবে। এটাতে শুধু বাংলাদেশ নয় সারা দক্ষিণ এশিয়া ঝুঁকিতে পড়বে।”
সরকারের উদ্দেশ্যে শাহরিয়ার কবির বলেন, চার মূলনীতি রাখবেন আবার রাষ্ট্রধর্মও রাখবেন, তা হবে না। গোঁজামিল দিয়ে বাংলাদেশ চলবে না। যতই আস্থাভাজন হতে চান বিএনপি-জামায়াত-হেফাজত আপনাদের ভোট দেবে না। কারণ আওয়ামী লীগ পাকিস্তান ভেঙ্গেছে। আমাদের ওপর আস্থা রাখুন।
“এটা বাংলাদেশের অস্তিত্বের লড়াই। শুধু হিন্দু বৌদ্ধ খ্রিষ্টানের নয়।”
“৪৭ বছর পর আমরা অস্তিত্বের সংকটে পড়েছি। কারণ এই দেশে কোনো রাজনৈতিক দলের ওপর ধর্মীয় সংখ্যালঘুরা আস্থা রাখতে পারছে না।”
রানা দাশগুপ্ত বলেন, “আমাদের দাবি নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে দুইবার, জাতীয় পার্টির এরশাদ সাহেবের সাথে চারবার এমনকি বাম মোর্চা ও বিএনপির মির্জা ফখরুল ইসলামের সাথেও অলোচনা হয়েছে।
“আমাদের ৫ দফা ও ৭ দফা দলগুলোকে নির্বাচনী ইশতেহারে রাখতে হবে। যে দল রাখবে তাদের ভোট দেব। যদি কেউই তা পূরণে প্রতিশ্রুতি না দেয় তাহলে ভোট বর্জন ছাড়া আর কোনো উপায় থাকবে না।”
সংসদ নির্বাচনকে সামনে রেখে পরিষদের পক্ষ থেকে যে পাঁচ দফা দেয়া হয়েছে তার মধ্যে আছে- সংখ্যালঘু স্বার্থবিরোধী কাজে লিপ্ত কাউকে মনোনয়ন না দেয়া, ৭ দফার পক্ষে নির্বাচনী অঙ্গীকার ঘোষণা, সংসদে ধর্মীয়-জাতিগত সংখ্যালঘুদের আনুপাতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করা, নির্বাচনের আগে পরে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বাচনের আগেই সংখ্যালঘু মন্ত্রণালয় ও কমিশন গঠন।
এছাড়া পরিষদের পক্ষে জাতীয় ঐক্যমতের ৭ দফা দাবিনামাও পেশ করা হয় মহাসমাবেশে।
মহাসমাবেশে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতা স্বতন্ত্র সাংসদ উষাতন তালুকদার
পরিষদের বিভাগীয় সমন্বয় কমিটির আহ্বায়ক পরিমল কান্তি চৌধুরীর সভাপতিত্বে মহাসমাবেশে অতিথি বক্তা ছিলেন ঐক্য ন্যাপ সভাপতি পঙ্কজ ভট্টাচার্য্য।
এছাড়া বক্তব্য রাখেন ঐক্য পরিষদের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ড. জিনবোধি ভিক্ষু এবং নির্মল রোজারিও।
