২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আনোয়ারার শিশু ধর্ষণকারী গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের আসামি যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2018, 11:11 PM

Updated : 19 Aug 2022, 01:50 PM

বুধবার সন্ধ্যায় বাঁশকালী উপজেলা থেকে রুবেল দাশ (২৫) নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয় বলে আনোয়ারা থানার পরিদর্শক (তদন্ত) মাহবুব মিল্কী জানিয়েছেন।

রুবেলকে আসামি করে মঙ্গলবার মামলা করেন শিশুটির বাবা। তিনি বলেন, ১০ দিন আগে তার মেয়েকে ধর্ষণ করা হয়েছিল।

মামলার বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা মাহবুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ২৪ মার্চ আনোয়ারা সদরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ওই শিক্ষার্থীকে তাদের পাশের বাসার বাসিন্দা রুবেল জোর করে ঘরে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ।

স্থানীয়রা জানান, ঘটনা জানাজানি হলে রুবেল স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। তবে সাত বছর বয়সী ওই শিশুর বাবা রাজি না হয়ে মামলা করেন।

মাহবুব মিল্কী জানান, ধর্ষণের শিকার শিশুর পিতা স্থানীয় একটি মন্দিরের সেবায়েত।