বিক্ষোভের মুখে অব্যাহতি চান চবির খালেদা জিয়া হলের দুই শিক্ষক
ছাত্রীদের আন্দোলনের মুখে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হলের দুই আবাসিক শিক্ষক।
বুধবার জিয়াউর রহমান খান ও রুনা সাহা রেজিস্ট্রার বরাবর অব্যাহতির আবেদন করেন বলে জানান হলটির প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল কাশেম।
তিনি বিডিনিউজ টোয়ান্টিফোর ডটকমকে বলেন, “ব্যক্তিগত ও একাডেমিক কারণ দেখিয়ে দুই আবাসিক শিক্ষক অব্যাহতির আবেদন করেছেন।”
তবে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এ কে এম নুর আহমেদ বিডিনিউজ টোয়ান্টিফোর ডটকমকে বলেন, “আমি এখনও আবেদনপত্রটি পাইনি।”
চেষ্টা চালিয়েও দুই শিক্ষকের সঙ্গে কথা বলা যায়নি।
গত রোববার দুই আবাসিক শিক্ষকের পদত্যাগসহ বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে প্রায় দেড় ঘণ্টা হলের মূল ফটক আটকে বিক্ষোভ করে খালেদা জিয়া হলের ছাত্রীরা।
বাংলা বিভাগের শিক্ষার্থী ফারজানা ইসলামের ছাত্রত্ব থাকা সত্বেও হল থেকে তাকে বের করে দেওয়া, এক রুমে আটজন করে রাখার প্রতিবাদে এবং ডাইনিংয়ের খাবারের মান বৃদ্ধির দাবিতে তারা এ বিক্ষোভ করে।
