২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুচলেকা দিয়ে ছাড়া পেলেন কোচিংয়ের শিক্ষক-কর্মকর্তা

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে ক্লাস চালানোয় সাইফুর’স কোচিং সেন্টারের এক শিক্ষক ও দুই কর্মকর্তাসহ তিনজনকে আটকের তিন ঘণ্টা পর মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2018, 07:24 PM

Updated : 19 Aug 2022, 01:50 PM

মঙ্গলবার বেলা আড়াইটার দিকে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করে।

এসময় সাইফুর’স কোচিং সেন্টারের চট্টগ্রামের শাখা ব্যবস্থাপক আবু আব্বাস লিটন, একাডেমিক কাউন্সিলর দিদারুল ইসলাম এবং শিক্ষক মোস্তফা ওবাইদুল্লাহ চৌধুরীকে আটক করা হয়।

নগরীর মুসলিম ইন্সটিটিউট হলে সাইফুর’স মঙ্গলবার বিসিএস, আইএলটিএস ও স্পোকেন ইংলিশ কোর্সের জন্য সেমিনার ও ফ্রি ক্লাসের আয়োজন করে।

অভিযান পরিচালনাকারী চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাইফুর’স মালিক সাইফুর রহমানও সেখানে ক্লাস নিয়েছেন। আমরা পৌঁছার আগেই তিনি চলে যান।

“সেমিনার ও ফ্রি ক্লাসের আয়োজন করা হয়েছিল। কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের ২৭ মার্চ জারি করা নির্দেশনা অনুসারে এইচএসসি পরীক্ষা চলাকালে কোনো কোচিং সেন্টার কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারবে না।”

নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বলেন, “অনেক সময় ফ্রি ক্লাস বা সেমিনারের নাম দিয়ে কোচিং চলতে থাকে। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নামের তালিকা আমরা সংগ্রহ করেছি।

“তাদের বেশিরভাগই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তবে এইচএসসি পরীক্ষা চলাকালে চট্টগ্রামের কোথাও আর কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করা হবে না এই মর্মে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।”

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার এইচএসসি পরীক্ষার সময় সারাদেশে ২৯ মার্চ থেকে কোচিং সেন্টারগুলোর সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এই নির্দেশনার মধ্যেও পরীক্ষা শুরুর দুইদিন আগে ৩১ মার্চ নগরীর বিভিন্ন স্থানে কৌশলে কোচিং সেন্টার খোলা রাখার তথ্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।

এরপর ১ এপ্রিল নগরী ও উপজেলাগুলোতে কোচিং সেন্টারগুলোর ওপর নজর রাখতে আটটি টিম গঠন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক।