রিকশায় করে রাতভর ছিনতাই
রিকশায় চড়ে রাতভর নগরীতে ছিনতাই করে এমন একটি চক্রের খোঁজ পেয়েছে পুলিশ।
মো. শফিক (৪০) নামের এক ছিনতাইকারীকে গ্রেপ্তারের পর চক্রটি সম্পর্কে তথ্য পাওয়া গেছে।
গ্রেপ্তার শফিক চট্টগ্রামের বাঁশখালী উপজেলার প্রেমাশিয়া এলাকার মৃত আলী আহমদের ছেলে। বর্তমানে তিনি পতেঙ্গা থানার লালদিয়ার চর এলাকার লামার বাড়ির বাসিন্দা।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) শাহ মো. আব্দুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সদরঘাট এলাকার বাসিন্দা মাহতাব উদ্দিন ২৫ মার্চ রাতে বাসায় ফেরার পথে আইস ফ্যাক্টরি রোডে ছিনতাইকারীর কবলে পড়েন।
“ছয়জন মিলে তার রিকশার গতিরোধ করে। একজন রিকশা ওঠে এবং বাকিরা মাহতাবের রিকশাটিকে দুটি রিকশা দিয়ে ঘিরে রাখে।”
“ছুরির ভয় দেখিয়ে মাহতাব উদ্দিনের কাছ থেকে ৪০ হাজার টাকা, দুটি মোবাইল ফোন এবং মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়।”
এ ঘটনায় সদরঘাট থানায় মামলা হওয়ার পর তদন্তে নামে পুলিশের একটি দল। শনিবার রাতে নগরীর লালদিয়ার চর এলাকা থেকে শফিককে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ কর্মকর্তা শাহ মো. আব্দুর রউফ বলেন, “শফিক জানিয়েছে তাদের চক্রে ছয়জন সদস্য। এর মধ্যে দুই জন রিকশাচালক।
“প্রতি রিকশায় দুইজন করে মোট চারজন থাকে যাত্রী বেশে। সন্ধ্যা সাতটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত তারা নগরীর বিভিন্ন এলাকায় রিকশায় চড়ে অন্য রিকশার যাত্রীদের কাছ থেকে সবকিছু ছিনিয়ে নেয়।”
নেভাল রোড, সার্সন রোড, ফিরিঙ্গি বাজার, আইস ফ্যাক্টরি রোড ও মেরিন ড্রাইভ সড়কে চক্রটি সক্রিয় বলে পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছেন শফিক।
অতিরিক্ত উপ-কমিশনার শাহ মো. আব্দুর রউফ বলেন, “রিকশা দিয়েই তারা শুরুতে যাত্রীবাহী রিকশার গতি রোধ করে।
“রিকশায় একজন যাত্রী থাকলে তাদের একজন ওই যাত্রীর পাশে বসে কোমরে থাকা খেলনা পিস্তল দেখায়। অন্যরা রিকশাটি চারপাশ থেকে ঘিরে দাঁড়িয়ে থাকে।”
এই উপায়ে তারা ইতিমধ্যে নগরীতে বেশ কিছু ছিনতাই করেছে।
গ্রেপ্তার শফিক রোববার চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।
