বেল্ট নিয়ে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে শিশুর মৃত্যু
জানালার গ্রিলে বেল্টে বেঁধে খেলার সময় গলায় ফাঁস লেগে ১১ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার বিকালে নগরীর পাঁচলাইশ থানাধীন গ্রিনভিউ আবাসিক এলাকার যমুনা ম্যানশনের নিচতলার বাসায় এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া ইনাম উদ্দিন চৌধুরী পিয়াল সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের মফজল আহমদ চৌধুরী বাড়ির জহির উদ্দিন চৌধুরীর ছেলে।
পিয়াল স্থানীয় আমিরুন্নেছা স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
পিয়ালের বাবা জহির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “টেলিভিশনে বিভিন্ন কসরৎ দেখে বাসার জানালার গ্রিলে নিজের কোমরের বেল্ট বেঁধে মাথা গলিয়ে খেলছিল পিয়াল। একপর্যায়ে অসাবধানে বেল্ট তার গলায় আটকে গেলে গুরুতর আহত হয়।”
বিকাল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান।
