২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সংশোধন না হলে জেল: হুঁশিয়ারি দুদক কমিশনারের

দুর্নীতি না করতে চট্টগ্রাম পিডিবির কর্মকর্তা-কর্মচারীদের হুঁশিয়ার করেছেন দুদক কমিশনার নাসির উদ্দীন আহমেদ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2018, 09:54 PM

Updated : 11 Oct 2022, 12:14 PM

তিনি বলেছেন, “অতীতে যাই ভুল করে থাকেন, এখন থেকে সংশোধন হয়ে যান, নতুবা কিন্তু আমরা কাউকে ছাড়ব না। আপনারা বিপদে পড়ে যাবেন, জেলখানায় যেতে হবে। চাকরি থেকে আপনাদের তাড়াতাড়ি বিদায় নিতে হবে।”

বুধবার চট্টগ্রামের আগ্রাবাদে বিদ্যুৎ ভবনে গণশুনানিতে এই হুঁশিয়ারি দেন দুদক কমিশনার।

গণশুনানিতে উপস্থিত গ্রাহকদেরও দুর্নীতির অভিযোগ থাকলে তা জানানোর আহ্বান জানান তিনি।

“যদি আপনাদের হয়রানি করে, অর্থের ব্যাপার থাকে… সে অবৈধভাবে সম্পদ অর্জন করেছে এবং সেই সম্পদের যদি তথ্য দিতে পারেন, সে যেই হোক, ব্যবস্থা নেব।”

প্রতি শনিবার চট্টগ্রাম পিডিবির ১২টি বিভাগে গণশুনানি করার নির্দেশ দেন নাসির উদ্দীন।

“প্রতি শনিবার ১২টা ডিভিশনে তিনটা থেকে পাঁচটা গণশুনানি করবেন। নির্বাহী প্রকৌশলীরা করবেন, উনি যদি না থাকেন সেকেন্ড পারসন করবেন। এটা যদি ঠিকভাবে না করে আমাদের পরিচালকদের জানাবেন, ব্যবস্থা নেব।”

শুনানিতে গ্রাহকদের অভিযোগ শুনে দুদক কমিশনার বলেন, “এই যে টেলিফোন তোলে না, এটা তো খুব অবাক ব্যাপার। যে মোবাইল নম্বর যাদের আছে সবগুলো অফিসের, তা ১২টা ডিভিশনে টাঙ্গিয়ে দেন। যদি পারেন একটা হটলাইনের ব্যবস্থা করেন।”

বিদ্যুতের এক মিটার রিডারের বিরুদ্ধে অভিযোগ শুনে তিনি দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেন।

“ওই জনকে বিদায় করার ব্যবস্থা করেন আজকের মধ্যেই। দুয়েকটা উদাহরণমূলক পানিশমেন্ট যদি না দেন, তাহলে হবে না।”

অতিরিক্ত বিলের সমস্যাও গণশুনানির মাধ্যমে সমাধান করতে বিদ্যুৎ কর্মকর্তাদের পরামর্শ দেন নাসির উদ্দীন।

দুদকের বিভাগীয় পরিচালক মো. আক্তার হোসেনের পরিচালনায় গণশুনানিতে উপস্থিত ছিলেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, চট্টগ্রাম বিতরণ দক্ষিণাঞ্চলের প্রধান প্রকৌশলী প্রবীর কুমার সেন।