চট্টগ্রামে একলাখ ইয়াবা-অস্ত্রসহ গ্রেপ্তার ৩
চট্টগ্রামে র্যাব ও গোয়েন্দা পুলিশের অভিযানে এক লাখ ১০ হাজার পিস ইয়াবা বড়ি ও অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার গভীর রাতে নগরীর পাহাড়তলী থানার একে খান মোড় ও সদরঘাট থানার বরিশাল কলোনী থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এরা হলেন- কক্সবাজার সদর উপজেলার বিজিবি ক্যাম্প এলাকার বাসিন্দা মো. ইসহাকের দুই ছেলে মো. মোবারক (৩৬) ও মো. সালমান (২৩)।
এছাড়া আলাদা অভিযানে গ্রেপ্তার মো. আরজু ওরফে আকাশের (২৬) কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি ও চার রাউন্ড কার্তুজও উদ্ধার করা হয়।
র্যাব-৭ এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার সাফায়াত জামিল ফাহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে মোবারক ও সালমানকে আটক করা হয়। তাদের সাথে থাকা ব্যাগ তল্লাশি করে এক লাখ ইয়াবা উদ্ধার করা হয়।
এদিকে ভোর রাতে সদরঘাট থানার বরিশাল কলোনির মালিপাড়ায় আকাশের বাসা থেকে ইয়াবা ও অস্ত্র উদ্ধার করে নগর গোয়েন্দা পুলিশ।
গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইলিয়াছ খান জানান, দৌড়ে পালানোর চেষ্টা করার সময় পুরাতন রেল স্টেশনের কাছে গোয়েন্দা পুলিশের একটি দল আকাশকে জিজ্ঞাসাবাদ করে। তার কাছ থেকে তথ্য পেয়ে অভিযান চালিয়ে এলজি ও চার রাউন্ড গুলি এবং ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান তিনি।
