চট্টগ্রামে এবার এইচএসসি পরীক্ষার্থী বেড়েছে ১৪ হাজার
চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এবারে এইচএসসি পরীক্ষায় গতবারের চেয়ে পরীক্ষার্থী ১৪ হাজার ৪৫৭ জন বেশি।
এবারের এইচএসসিতে নিয়মিত, অনিয়মিত, মানোন্নয়ন মিলিয়ে অংশ নিচ্ছে ৯৭ হাজার ৬৮৪জন।
এদের মধ্যে নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ৭৩ হাজার ৭০৩ জন।
গত বছরে এইচএসসিতে ৮৩ হাজার ২২৭জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এবারে এইচএসসিতে ২৫৩ শিক্ষা প্রতিষ্ঠানের ৪৮ হাজার ১১ জন ছাত্র এবং ৪৯ হাজার ৬৭৩ জন ছাত্রী অংশ নিচ্ছে।
এবারে ১০০টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞান বিভাগে ২০ হাজার ৬৫৪ জন, ৩৮ হাজার ৮৩৬ জন ব্যবসায় শিক্ষায় এবং ৩৮ হাজার ১৮৬ জন মানবিক বিভাগে অংশ নিচ্ছে বলে জানান তিনি।
