কালরাত স্মরণে উদীচীর আলোর মিছিল
চট্টগ্রামে আলোর মিছিলের মধ্য দিয়ে একাত্তরে পাকবাহিনীর নৃশংস গণহত্যার কালরাত স্মরণ করেছে উদীচী শিল্পী গোষ্ঠী।
রোববার সন্ধ্যায় নগরীর চেরাগী পাহাড় মোড়ে জাতীয় গণহত্যা দিবসে সংগঠনটি সমাবেশ, প্রদীপ প্রজ্বলন ও আলোর মিছিল করে।
সমাবেশে সিপিবি চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদ অশোক সাহা বলেন, একাত্তরের ২৫ মার্চ রাত বাঙালি জাতির জীবনে বিভীষিকাময় রাত। নির্বিচারে বাঙালি হত্যা করা হয়, ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়, লুটপাট করা হয়। সুসজ্জিত সশস্ত্র বাহিনীর নৃশংস আক্রমণ ইতিহাসে বিরল।
কবি কামরুল হাসান বাদল বলেন, সরকার ২৫ মার্চকে জাতীয় গণহত্যা দিবস হিসেবে ঘোষণা করেছে। এই দিনটির যাতে আন্তর্জাতিক স্বীকৃতি আসে সেজন্য বাংলাদেশের প্রগতিশীল মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল সংগঠনকে নিজ অবস্থান থেকে কাজ করে যেতে হবে।
উদীচী জেলা সাধারণ সম্পাদক অধ্যাপিকা শীলা দাশগুপ্তার সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. চন্দন দাশ, সাংস্কৃতিক সংগঠক দেওয়ান মাকসুদ, জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক আতিক রিয়াদ এবং সাংবাদিক প্রীতম দাশ।
এদিকে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও আলোর মিছিল করেছে ওয়ার্কার্স পার্টি চট্টগ্রাম জেলা কমিটি।
দলটির চট্টগ্রাম জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরিফ চৌহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মোক্তার আহমদ, যুবমৈত্রী জেলা সভাপতি কায়সার আলম, সাধারণ সম্পাদক নুর নবী আরিফ, ছাত্রমৈত্রী নেতা সাইফুদ্দিন সুজন, যুবমৈত্রী নেতা খোকন মিয়া প্রমুখ।
এছাড়াও নগরীতে গণহত্যা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন।
