ছাত্রলীগ নেতা সুদীপ্ত হত্যায় চবি ছাত্র গ্রেপ্তার
ছাত্রলীগনেতা সুদীপ্তকে পিটিয়ে হত্যার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোর রাতে নগরীর পাঁচলাইশ এলাকা থেকে রুবেল দে (২৭) নামের ওই ছাত্রকে গ্রেপ্তার করা হয় বলে জানান সদরঘাট থানার ওসি নেজাম উদ্দিন।
এ নিয়ে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের নেতা সুদীপ্তকে হত্যার ঘটনায় পাঁচজন গ্রেপ্তার হল।
ওসি নেজাম উদ্দিন বলেন, “খুনের সাথে সংশ্লিষ্টতার প্রমাণ মেলায় রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গ্রেপ্তার আসামিদের দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে রুবেলের নাম এসেছিল।”
গত বছরের ৬ অক্টোবর নগরীর দক্ষিণ নালাপাড়ার বাসা থেকে ডেকে নিয়ে পিটিয়ে খুন করা হয় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক সুদীপ্ত বিশ্বাসকে।
এ ঘটনায় সুদীপ্তের বাবা বাবুল বিশ্বাস অজ্ঞাত সাত-আটজনকে আসামি করে সদরঘাট থানায় একটি মামলা করেন।
