চট্টগ্রামে গ্যাসের প্রিপেইড মিটার চালু
চট্টগ্রামে গ্যাসের প্রিপেইড মিটার চালু করেছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)।
জাইকার অর্থায়নে এ প্রকল্পে প্রাথমিকভাবে চট্টগ্রামের ৬০ হাজার আবাসিক গ্রাহককে প্রিপেইড মিটারের আওতায় আনা হচ্ছে।
নগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটি, ও আর নিজাম রোড, খুলশী, চকবাজার, কাজীর দেউড়ি, মেহেদীবাগ, হালিশহর হাউজিং স্টেট, হিলভিউ আবাসিক এলাকা, সুগন্ধা ও পাঁচলাইশ আবাসিক এলাকার গ্রাহকরা প্রাথমিকভাবে এ প্রকল্পের আওতায় আসছে।
বুধবার সকালে নগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটির ৩ নম্বর রোডের এক নম্বর বাড়িতে আনুষ্ঠানিকভাবে প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন কেজিডিসিএলের ডিজিএম ও ন্যাচারাল গ্যাস ইফিসিয়েন্সি প্রজেক্টের পরিচালক মো. সরওয়ার হোসেন।
মূলত গ্যাসের অপচয় রোধ এবং গ্রাহকের খরচ কমাতে জাইকা, বাংলাদেশ সরকার ও কেজিডিসিএলের অর্থায়নে আবাসিক গ্যাস সংযোগে প্রিপেইড মিটার বসানোর প্রকল্প হাতে নেওয়া হয়। এতে প্রতি চুলা হিসেবে বিল না দিয়ে যত পরিমাণ গ্যাস ব্যবহার করবে সে হিসেবে বিল কার্ড রিচার্জের মাধ্যমে পরিশোধ করবেন গ্রাহকরা।
সরওয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বর্তমানে চট্টগ্রামে আবাসিক গ্রাহকের সংখ্যা পাঁচ লাখ ৯৮ হাজার। এর মধ্যে ৬০ হাজার মিটার প্রিপেইড করা হচ্ছে এ প্রকল্পের আওতায়। ইতিমধ্যে প্রিপেইডের আওতায় ২০ হাজার ৮০০ মিটার লাগানো সম্পন্ন হয়েছে।
তিনি বলেন, এ প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ২৪৬ কোটি ৫৬ লাখ টাকা। এতে জাইকা ১৫৪ কোটি ১১ লাখ টাকা, বাংলাদেশ সরকার ৮১ কোটি ৪৫ লাখ এবং কেজিডিসিএল দিচ্ছে ১০ কোটি ৯১ লাখ টাকা।
আগামী জুনের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও ৬০ হাজার প্রিপেইড মিটার লাগাতে আরও চার-পাঁচ মাস বেশি সময় লাগতে পারে বলে জানান তিনি।
প্রাথমিকভাবে মিটারের টাকা নেওয়া না হলেও প্রতিমাসে প্রিপেইড কার্ডের মাধ্যমে মিটার রেন্ট হিসেবে ৬০ টাকা করে কাটা হবে।
