দক্ষিণ-পূর্ব সীমান্তে ৪১টি বিওপি স্থাপন
বাংলাদেশ বর্ডার গার্ডের দক্ষিণ-পূর্ব রিজিওনের অরক্ষিত ২৭১ কিলোমিটার সীমান্তে ৪১টি বিওপি নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত রিজিওন কমান্ডার কর্নেল গাজী মো. আহসানুজ্জামান।
মঙ্গলবার দক্ষিণ-পূর্ব রিজিওন সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান তিনি।
তিনি বলেণ, দক্ষিণ-পূর্ব রিজিওনের উত্তর দিকে ভারতের ত্রিপুরা, দক্ষিণ-পূর্ব দিকে মিজোরাম রাজ্য রয়েছে। যার সীমানার বিস্তৃতি ৫৩৩ কিলোমিটার।
রিজিওন কমান্ডার আরও জানান, রিজিওনের আওতাধীন ২৭১ কিলোমিটার সীমান্ত এলাকা অরিক্ষিত ছিল। যেগুলোতে নতুন করে ৪১টি বর্ডার অবজারভেশন পোর্ট (বিওপি) নির্মাণ করে সুরক্ষিত করা হয়েছে।
এদিকে গত বছরের ২৬ অগাস্ট থেকে দক্ষিণ-পূর্ব রিজিওন চট্টগ্রাম থেকে বিভক্ত হয়ে অ্যাডহক কক্সবাজার রিজিওনের কার্যক্রম শুরু হয়েছে বলে জানান চট্টগ্রামের জোনাল কমান্ডার আহসানুজ্জামান।
চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি প্রশাসনিক জেলা নিয়ে দক্ষিণ-পূর্ব রিজিওন গঠিত।
বর্তমানে এ রিজিওনের অধীনে রাঙামাটি, খাগড়াছড়ি ও গুঁইমারা তিনটি সেক্টর রয়েছে। তিন সেক্টরের অধীনে ১৩টি ব্যাটেলিয়ন, ৯৮টি বিওপি ও ৩০টি সিআইও ক্যাম্প রয়েছে।
মতবিনিময় সভায় রিজিওন কমান্ডার আহসানুজ্জামান সীমান্তে ইয়াবা পাচার রোধে নিজেদের সীমাবদ্ধতার পাশাপাশি সাফল্যের কথাও তুলে ধরেন।
তার দাবি, বর্তমানে এখন ইয়াবার যেসব চালান আসছে তার বেশিরভাগ নৌ পথে। আর সড়কপথে যেগুলো আসছে তার সংখ্যা অত্যন্ত নগন্য।
এসময় তিনি ‘স্মার্ট বর্ডার ম্যানেজমেন্ট’ প্রকল্পের কথা তুলে ধরে বলেন, এ প্রকল্পের আওতায় সীমান্তের বিভিন্ন পয়েন্টে ক্যামেরা স্থাপন করা হচ্ছে। হিলি সীমান্তে পাইলট প্রকল্পের আওতায় তা বসানো হয়েছে।
অগ্রাধিকার ভিত্তিতে সীমান্তের বিভিন্ন পয়েন্টে ক্যামেরা বসানো হবে বলেও জানান তিনি।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাঙামাটি সেক্টর কমান্ডার কর্নেল পাভেল আকরাম, খাগড়াছড়ি সেক্টর কমান্ডার মোয়াজ্জেম হোসাইন, গুঁইমারা সেক্টর কমান্ডার কর্নেল আব্দুল্লাহ আল মামুন, দক্ষিণ-পূর্ব রিজিওনের পরিচালক (অপারেশনস) লে. কর্নেল রাহাত নেওয়াজ।
