চট্টগ্রামে দেড় টন পলিথিন জব্দ
নগরীর চাক্তাই রাজাখালী এলাকায় একটি কারখানায় অভিযান চালিয়ে দেড় টন পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তরের অভিযান দল।
মঙ্গলবার পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সহকারী পরিচালক সংযুক্তা দাশ গুপ্তার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
সংযুক্তা দাশ গুপ্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাজাখালী এলাকায় একটি বেনামি প্রতিষ্ঠানের কারখানার সন্ধান পাই আমরা।
“ভবনটিতে ওই কারখানা ছাড়া বাকি সবই ভাড়া বাসা। এর ভেতরে একটি কক্ষ ভাড়া নিয়ে পলিথিন তৈরির কারখানা চালানো হচ্ছিল। পরে ওই কারখানার পেছনে দুটি গুদামেরও খোঁজ পাই।”
কারখানা ও গুদাম দুটির মালিক মো. কালাম নামের এক ব্যক্তি।
সংযুক্তা দাশ গুপ্তা বলেন, অভিযানের টের পেয়ে কারখানা ও গুদামের লোকজন পালিয়ে যায়। গুদাম ও কারখানা থেকে দেড় টন পলিথিন জব্দ করা হয়।
“ওই কারখানার কোনো নাম নেই। অনুমোদন বা সনদের তো প্রশ্নই ওঠে না। আমরা কারখানা ও গুদামগুলো সিল করে দিয়েছি। কারখানার মালিককে ৬ মার্চ অধিদপ্তরের কার্যালয়ে শুনানিতে হাজির হতে নোটিস দেওয়া হয়েছে।”
অভিযানে বাকলিয়া থানার পুলিশের একটি দল সহায়তা করে।
