চট্টগ্রামে কিশোর হত্যায় ২৭ বছর পর ছয়জনের যাবজ্জীবন
সাতাশ বছর আগে বাড়ি থেকে এক কিশোরকে তুলে নিয়ে খুন ও লাশ গুমের মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।
মঙ্গলবার চট্টগ্রামের জননিরাপত্তা ট্রাইব্যুনালের বিচারক বিশেষ জজ সৈয়দা হোসনে আরা এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মাহবুবুল আলম, নুরুল আলম, হাবিবুর রহমান, আমিনুল হক, মিলন বড়ুয়া ও আবুল কাশেম।
এদের মধ্যে মাহবুবুল আলম ও নুরুল আলম গ্রেপ্তার হলেও পরে জামিন নিয়ে পলাতক হন। বাকি চারজন শুরু থেকেই পলাতক।
মামলায় সমীর দাশ নামের আরেক আসামিকে পাঁচ বছরের সাজা দেওয়া হয়েছে। রায় ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়।
এছাড়া খালাস পেয়েছেন পাঁচজন।
ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি মো. জাহ্ঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অপহরণ ও খুনের অভিযোগ ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
“পাশাপাশি ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।”
আর লাশগুমের অভিযোগে দণ্ডবিধির ২০১ ধারায় পাঁচ আসামি- আমিনুল হক, হাবিবুর রহমান, নুরুল আলম, মাহবুবুল আলম ও মিলন বড়ুয়াকে তিন বছরের সাজা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাস করে সাজা দেওয়া হয়েছে।
মামলার নথি থেকে জানা যায়, ১৯৯১ সালের ২১ জুন রাতে চট্টগ্রামের পটিয়া উপজেলার ছত্তারপেটুয়া গ্রামের বাসিন্দা দিলীপ বড়ুয়ার ছেলে সুভাষ বড়ুয়া (১৬) অপহৃত হয়।
এসএসসি পরীক্ষার্থী সুভাষ রাতে লেখাপড়া শেষ করে নিজ ঘরে ঘুমাচ্ছিল। সেসময় আসামিরা দরজা ভেঙ্গে ঘরে ঢুকে অস্ত্রের মুখে সুভাষকে অপহরণ করে।
এ ঘটনায় দিলীপ বড়ুয়া পটিয়া থানায় অপহরণের মামলা করেন।
ওই মামলায় মাহবুবুল আলম ও নুরুল আলম গ্রেপ্তারের পর আদালতে দেওয়া জবানবন্দিতে জানান, মুক্তিপণ না পেয়ে পেটে ছুরি মেরে সুভাষকে হত্যার পর লাশ পটিয়ার হাইদগাঁওয়ের পাহাড়ি এলাকায় পুঁতে ফেলা হয়।
এরপর মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।
মামলায় ১০ জনের সাক্ষ্য নেওয়া হয়।
একই ঘটনায় মুক্তিপণ দাবির অভিযোগে করা আরেকটি মামলার বিচার শেষে রায় ঘোষণার অপেক্ষায় আছে বলে জানান পিপি জাহাঙ্গীর আলম।
