চট্টগ্রামে যুবক খুনে আরও দুজন গ্রেপ্তার
চট্টগ্রামে খেলার বিরোধে যুবক খুনের ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কুমিল্লার লাঙ্গলকোট ও চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অভিযান চালিয়ে সোমবার তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মোস্তফা কামাল ওরফে তানভীর হোসেন ওরফে তানজু (২০) ও মো. ইব্রাহীম হোসেন ওরফে বাবু (১৮)।
গত শুক্রবার রাতে নগরীর সদরঘাট থানার জুঁই কমিউনিটি সেন্টারের সামনে মো. ইব্রাহীমকে ছুরিকাঘাতে খুন করা হয়।
সদরঘাট থানার ওসি নেজাম উদ্দিন জানান, তানজুকে কুমিল্লার লাঙ্গলকোট ও বাবুকে কর্ণফূলী উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
তানজুর ছুরিকাঘাতে ইব্রাহীম খুন হয়েছে বলে জানান ওসি।
পুলিশ কর্মকর্তা নেজাম বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় গত শনিবার রণি ও মেরাজ নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়। আদালতে তারা জবানবন্দিতে ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে জড়িতদের নাম জানায়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী তানজু ও বাবুকে গ্রেপ্তার করা হয়।
হত্যাকান্ডের পর পুলিশ জানিয়েছিল, মাস খানেক আগে সদরঘাট সাহেব পাড়া কলাবাগান মাঠে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে খুন হওয়া ইব্রাহিমের সাথে শনিবার গ্রেপ্তার হওয়া রণির সাথে বিরোধ ও মারামারি হয়। সে বিরোধের জেরে শুক্রবার রাতে ইব্রাহীমকে খুন করা হয়।
