‘চুরি করতে’ চিকিৎসক বেশে হাসপাতালে
চিকিৎসকের অ্যাপ্রন পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের গাইনি ওয়ার্ডে ঢুকে পড়া দুই তরুণ-তরুণীকে আটক করা হয়েছে।
আটক তরুণ-তরুণী প্রায়ই হাসপাতাল থেকে বিভিন্ন জিনিস চুরির কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে পুলিশ।
রোববার বিকাল পাঁচটার দিকে ওয়ার্ডে দায়িত্বরত কর্মচারীদের সহায়তায় তাদের আটক করে হাসপাতাল পুলিশ ফাঁড়ির সদস্যরা।
আটকরা হলেন মো. রাজ (১৯) এবং ফারজানা আক্তার মনি (২৬)। তাদেরকে পাঁচলাইশ থানায় হস্তান্তর করা হয়েছে।
পাঁচলাইশ থানার এসআই নুরুল ইসলাম বলেন, “অ্যাপ্রন পড়ে রোগীদের আশপাশে ঘোরাফেরা করে এবং সুযোগ পেলে মোবাইল চুরি করে বলে জানিয়েছে দুইজন।
“অন্য কেউ অভিযোগ না করলে অনধিকার প্রবেশের অপরাধে তাদের বিরুদ্ধে মামলা করা হতে পারে।”
আটক ফারজানা বরিশালের বাকেরগঞ্জ এলাকার শাহরিয়ার মাহমুদের স্ত্রী। আর রাজ চট্টগ্রামের মিরসরাই উপজেলার নিজামপুর এলাকার মো. জাফরের ছেলে।
দুইজনই নগরীর বায়েজিদ থানার শেরশাহ বাংলা বাজার এলাকায় থাকেন।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৩৩ নম্বর গাইনি ওয়ার্ডের লেবার রুমের কাছ থেকে তাদের আটক করা হয়।
“তাদের গায়ে অ্যাপ্রন ছিল। সম্ভবত নবজাতক চুরির উদ্দেশ্যে তারা ওই ওয়ার্ডে ঢোকে এবং লেবার রুমে কাছে ঘোরাফেরা করছিল।”
ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, তিন দিন আগে হাসপাতালের ২৯ নম্বর ওয়ার্ডের ১৯ নম্বর কেবিন থেকে এক রোগীর মোবাইল চুরির কথা তারা স্বীকার করেছে।
“প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই জন জানিয়েছে যখন যা পায় তাই চুরি করে তারা।”
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জালাল উদ্দিন জানান, অ্যাপ্রন গায়ে দিয়ে ডাক্তার পরিচয়ে তারা গাইনি ওয়ার্ডে ঢুকেছিল।
“বিকালে ভিজিটিং আওয়ারে রোগীর স্বজনদের প্রবেশে তেমন তল্লাশি করা হয় না। এ সুযোগ কাজে লাগিয়ে তারা হাসপাতালে ঢুকে পড়ে।”
কেন তারা গাইনি ওয়ার্ডে গিয়েছিল জানতে চাইলে তিনি বলেন, “জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ জানাতে পারবে কেন তারা সেখানে গিয়েছিল।”
২০১৫ সালের ১৫ জুলাই চট্টগ্রাম মেডিকেলের ৩৪ নম্বর প্রসূতি ওয়ার্ড থেকে নবজাতক চুরির অভিযোগে ৩৩ নম্বর ওয়ার্ডের এক ওয়ার্ড বয় ও তার স্ত্রীকে আটক করেছিল র্যাব।
এছাড়া ২০০৯ সালের ৮ জুলাই হাসপাতালের শিশু বিভাগ থেকে বাঁশখালীর এক দম্পতির শিশু চুরি হয়।
