‘খালেদার ভয়েই তাকে মিথ্যা মামলায় সাজা দিল আ. লীগ’
খালেদা জিয়াকে বেশি ভয় পায় বলেই আওয়ামী লীগ তাকে ‘মিথ্যা মামলায়’ সাজা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা এ এম নাজিম উদ্দিন।
শনিবার বিকেলে নগরীর নাসিমন ভবন প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশে এই মন্তব্য করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন বলেন, আওয়ামী লীগ সবচেয়ে বেশি ভয় পায় বেগম খালেদা জিয়া, নির্বাচন এবং জনগণকে।
“তাই বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনীতি ও নির্বাচন থেকে দূরে রাখার জন্য মিথ্যা মামলায় সাজা দিয়েছে সরকার। আজ্ঞাবহ আদালতের মাধ্যমে সরকার বিএনপিকে ধ্বংসের অপচেষ্টায় লিপ্ত।”
চাকসু ভিপি নাজিম বলেন, আওয়ামী লীগ সরকার গণতান্ত্রিক ব্যবস্থা থেকে সরে গিয়ে সম্পূর্ণ স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা করছে।
চট্টগ্রাম নগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ান সভাপতির বক্তব্যে বলেন, বেগম খালেদা জিয়াকে সাজা দিয়ে সরকার এখন হতাশ। তারা ভেবেছিল মিথ্যা সাজা দিয়ে বিএনপিকে দুর্বল করবে।
“কিন্তু বিএনপি এখন যে কোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ ও শক্তিশালী। কারাগারে বন্দি খালেদা জিয়াও অধিক শক্তিশালী।”
সমাবেশ থেকে গ্রেপ্তার নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনসহ সব নেতাকর্মীর মুক্তি দাবি করা হয়।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নগর বিএনপির সহ-সভাপতি এম এ আজিজ, বিএনপি নেতা ভোলা মিয়া, অ্যাডভোকেট আব্দুচ সাত্তার, সৈয়দ আজম উদ্দিন, হারুন জামান, শফিকুর রহমান স্বপন, নিয়াজ মোহাম্মদ খান ও কাজী বেলাল উদ্দিন।
