‘খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করেই দাঁত ভাঙা জবাব’
আগামী নির্বাচনে জয়ী হয়ে খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করার মধ্যে দিয়ে তার কারাদণ্ডের ‘দাঁত ভাঙা’ জবাব দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম।
শুক্রবার বিকালে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের অংশ হিসেবে নগরীর নাসিমন ভবনে আয়োজিত সমাবেশে তিনি বলেন, “বেগম খালেদা জিয়াকে ষড়যন্ত্রমূলক সাজা দেওয়া হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে এ সাজা দেওয়া হয়েছে।
“এদেশের জনগণ এই সাজা মানে না। বিএনপি নেতাকর্মীরা এ সাজা মানে না। আগামী নির্বাচনে বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করে এই সাজার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে।”
মাহবুবুর রহমান শামীম বলেন, “বরিশালে সমাবেশে শেখ হাসিনা বলেছেন বেগম খালেদা জিয়ার না কি লজ্জা থাকা উচিত। আমি বলি- আমাদের নেত্রী কোনো এতিমের টাকা মেরে খাননি। আপনার নির্দেশে এই সাজা দেওয়া হয়েছে।
“শেখ হাসিনা আপনার লজ্জা থাকা উচিত। এদেশের মানুষ আপনাকে ভোট দেয়নি। আপনি গণতন্ত্রকে হত্যা করেছেন। আপনি বিনা ভোটের প্রধানমন্ত্রী।”
সমাবেশে সভাপতির বক্তব্যে নগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ান বলেন, “কোথায় সিরাজ শিকদার বলে একদিন একজন দম্ভ করেছিল। সেই দম্ভ বেশিদিন টেকেনি। গতকাল প্রধানমন্ত্রী বলেছেন- তিনি এখন কোথায়। এই দম্ভও বেশি দিন টিকবে না।
“নেত্রী যখন কারাগারে, প্রয়োজনে আমরা সবাই কারাগারে যাব। কারাগারকে আমরা ভয় করি না।”
বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে দলের নেতকার্মীদের সমাগম কম হওয়ার বিষয়ে আবু সুফিয়ান বলেন, “সমগ্র চট্টগ্রামে রায়ের বিরুদ্ধে আমরা শান্তিপূর্ণ মিছিল সমাবেশের চেষ্টা করেছি।
“অনেকে বলছে- নেতাকর্মীরা নাকি ছিল না। আসলে আমরা ধৈর্য্য ধরেছি। নেতাকর্মীদের সকলের হৃদয়ে রক্তক্ষরণ। আমরা সংঘাতে যেতে চাইনি। ছাত্রলীগ-যুবলীগ রাজপথে যে সন্ত্রাস করেছে আমরা তাই সংঘাত এড়িয়েছি।”
বৃহস্পতিবার পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় করা দুই মামলার আসামি আবু সুফিয়ান ও নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর শুক্রবারের সমাবেশে বক্তব্য রাখলেও পুলিশ তাদের বাধা দেয়নি।
সমাবেশের শেষ দিকে আবুল হাশেম বক্কর দলীয় নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে সমাবেশ স্থল ত্যাগ করার আহ্বান জানান।
সমাবেশ শেষে মিছিল না করেই নাসিমন ভবন প্রাঙ্গন ত্যাগ করেন বিএনপি নেতাকর্মীরা।
