ভিওআইপি সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার
চট্টগ্রামের বাকলিয়ায় ভিওআইপি সরঞ্জামসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
বাকলিয়া থানার রসুলবাগ আবাসিক এলাকার মনসুর ভিলায় শুক্রবার ভোর রাতে অভিযান চালিয়ে র্যাব এসব সরঞ্জাম জব্দ ও মো. সালাউদ্দিন কাদের (২৩) নামের ওই যুবককে গ্রেপ্তার করে।
সারাউদ্দিন বাঁশখালী উপজেলার রায়চটা ইউনিয়নের ফজলুল কাদেরের ছেলে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মিমতানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিটিআরসি কর্মকর্তাদের সাথে নিয়ে র্যাবের একটি দল রসুলবাগ আবাসিক এলাকার মনসুর ভিলার পঞ্চম তলার একটি ফ্ল্যাটে অভিযান চালায়।
এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে সালাউদ্দিন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হয়।
পরে বাসা তল্লাশি করে চারটি গেটওয়ে, চারটি ল্যাপটপ, ৬৩টি জিএসএম এন্টেনা, বিভিন্ন ধরনের ৮৭৭টি সিম, মডেমসহ নানা সরঞ্জাম উদ্ধার করা হয়।
উদ্ধার করা সরঞ্জামের দাম আনুমানিক ১০ লাখ টাকা বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
