২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবেশ দূষণ: রড কারখানাকে লাখ টাকা জরিমানা

কালো ধোঁয়া নির্গত করে পরিবেশ দূষণ করায় নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় রড উৎপাদনকারী একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2018, 03:45 PM

Updated : 08 Apr 2022, 05:49 PM

মঙ্গলবার অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ে শুনানি শেষে বেঞ্জ ইন্ডাস্ট্রিজ (বাংলাদেশ) লিমিটেড নামের কারখানাটিকে জরিমানা করা হয়।

অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কারখানাটি থেকে নির্গত কালো ধোঁয়ায় আশপাশের এলাকা অন্ধকার হয়ে থাকে। গত ২৩ জানুয়ারি বায়েজিদ বোস্তামী থানাধীন নাসিরাবাদ শিল্প এলাকায় অবস্থিত কারখানাটিতে অভিযান চালানো এর প্রমাণ পাওয়া যায়।

অধিদপ্তরের মহানগর কার্যালয়ের সহকারী পরিচালক সংযুক্তা দাশগুপ্তা পরিচালিত অভিযানে কারখানার প্রতিনিধিকে মঙ্গলবার শুনানিতে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়।

শুনানি শেষে কারখানা কর্তৃপক্ষকে এক লাখ টাকা জরিমানা করে তা অবিলম্বে পরিশোধের নির্দেশ দেওয়া হয় বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

শুনানিতে কালো ধোঁয়া নিয়ন্ত্রণকারী যন্ত্র যথাযথভাবে পরিচালনার নির্দেশ দেওয়া হয়। অন্যথায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।