নারায়ন চৌধুরীর মৃত্যুতে আ. লীগ-বিএনপি নেতাদের শোক
নারায়ন চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম আওয়ামী লীগ ও বিএনপির নেতারা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে নারায়ন চৌধুরী মারা যান। তার বয়স হয়েছিল ৬৯ বছর।
তার মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।
পৃথক শোক বার্তায় তারা প্রয়াতের আত্মার সদগতি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত স্ত্রী, পুত্র ও কন্যাসহ স্বজনদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
নারায়ন চৌধুরীর ছেলে মিন্টু চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চট্টগ্রাম ব্যুরো প্রধান এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক ।
গত ১১ জানুয়ারি স্ট্রোক হওয়ার পর চট্টগ্রাম মেডিকেলের আইসিইউতে ছিলেন নারায়ন চৌধুরী। সেখানে তার অস্ত্রোপচারও হয়েছিল। টিসিবির অবসরপ্রাপ্ত কর্মচারী নারায়নের স্ত্রী বেঁচে আছেন। এক ছেলে মিন্টু ও এক মেয়ে আছেন।
নারায়ন চৌধুরীর মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভপাতি শহীদুল আলম, যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি কলিম সরোয়ার, সাধারণ সম্পাদক শুকলাল দাশ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভপাতি রিয়াজ হায়দার, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, চট্টগ্রাম সাংবাদিক হাউজিং কো অপারেটিভ সোসাইটির সভাপতি স্বপন মল্লিক, সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, উদীচী, খেলাঘর, চট্টগ্রাম গণজাগরণ মঞ্চ, ফটিকছড়ি মতি ভাণ্ডার দরবার শরীফ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা।
পটিয়ার কেলিশহরে গ্রামের বাড়িতে গিয়ে শোক জানিয়েছেন সিপিবি পটিয়া শাখার নেতারা।
