২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে সংঘর্ষ-গুলি: দুই পুলিশ, এক আনসার প্রত্যাহার

চট্টগ্রামের সীতাকুণ্ডে গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষের সময় গুলিতে একজন নিহত হওয়ার ঘটনায় দুই পুলিশ ও এক আনসার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2018, 04:58 PM

Updated : 08 Apr 2022, 05:48 PM

এসআই নাজমুল হুদা, কনস্টেবল আবুল কাশেম ও আনসার সদস্য ইসমাইল হোসেনকে বৃহস্পতিবার প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে চট্টগ্রামের পুলিশ সুপার নূরে আলম মিনা জানিয়েছেন।

এছাড়া ঘটনা তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মশিউদ্দোল্লাহ রেজাকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটিও করা হয়েছে।

কমিটির অন্য দুই সদস্য হলেন অতিরিক্ত পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) রেজাউর রহমান ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডিএসবি) শাহজাহান ভূঁইয়া ।

আগামী তিনদিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে জানান পুলিশ সুপার।

সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের তেলিপাড়া এলাকায় বুধবার রাতে পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা ঘটে। ওই গুলিতে মো. সাইফূল নামে একজন নিহত ও দুইজন আহত হন। পরে এ ঘটনায় স্থানীয়রা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ করে।

পুলিশের দাবি, আসামি ধরতে গেলে গ্রামবাসী তাদের ওপর হামলা করলে আত্মরক্ষা করাতে তারা গুলি চালিয়েছে।

পুলিশ সুপার মিনা বলেন, “প্রত্যাহার করে নেওয়া পুলিশ সদস্যদের দাবি তারা ওই গ্রামে আসামি ধরা ও ইয়াবা থাকার কথা জানতে পেরে অভিযানে গিয়েছিল। হতাহত ও গ্রামবাসী তাদের আটকে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তারা গুলি ছোড়ে।”

আসলে কী ঘটেছিল তা জানতে তদন্ত কমিটি ঘটনাস্থলে গেছে জানিয়ে তিনি বলেন, “দোষীদের ক্ষেত্রে জিরো টলারেন্স দেখানোর জন্য উচ্চ পর্যায়ের নির্দেশ আছে। তদন্ত কমিটি যদি পুলিশ সদস্যদের দোষ পেয়ে থাকে, তাদের বিধি অনুযায়ী শাস্তির আওতায় আনা হবে।”

পুরনো খবর:

সীতাকুণ্ডে পুলিশ-গ্রামবাসী সংঘর্ষ, গুলিতে নিহত ১