স্ত্রীকে মেরে আত্মহত্যার চেষ্টা
চট্টগ্রামের মিরসরাইয়ে স্ত্রীকে গলাকেটে হত্যার পর আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন এক যুবক।
বুধবার উপজেলার জোরারগঞ্জ থানার মধ্যম সোনা পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম পারভিন আক্তার (৩৫)।
ঘটনার পর পুলিশ পারভিনের স্বামী বেলাল উদ্দিনকে (৩৪) গ্রেপ্তার করেছে।
জোরারগঞ্জ থানার ওসি জাহেদুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রথম স্বামী মারা যাওয়ার পর বেলালকে বিয়ে করেছিলেন পারভিন। এরপর থেকে মধ্যম সোনা পাহাড় এলাকায় প্রথম স্বামীর বাড়িতেই থাকছিলেন তারা।
প্রতিবেশীদের বরাত দিয়ে তিনি বলেন, “পারিবারিক কলহের জেরে বেলাল সকালে পারভিনকে ছুরিকাঘাত করে খুন করে। পরে বেলাল ওই ছুরি দিয়েই নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করে।”
আহত অবস্থায় বেলালকে গ্রেপ্তারের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
মিরসরাই উপজেলার মিঠানালা এলাকার বাসিন্দা বেলাল মজুরের কাজ করেন।
