৩ খুন: চট্টগ্রামে চারজনের যাবজ্জীবন
ছাব্বিশ বছর আগে সাতকানিয়ায় ডাকাতির সময় তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।
আসামিদের মধ্যে উপজেলার কাঞ্চনা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান রমজান আলীও রয়েছেন। তাকেসহ ১০ আসামিকে ছয় বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার চট্টগ্রামের জননিরাপত্তা ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হোসনে আরা এ রায় দেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- আব্দুস শুক্কুর, আজম খান, জামাল ও নজির আহমদ।
১০ বছরের সাজা দেওয়া হয়েছে মো. ফিরোজকে।
আর ছয় বছরের কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- সাহাব মিয়া, সিরাজুল হক, ইয়াকুব, মোজাহার, মহসিন, ইলিয়াস, লোকমান হোসেন, ইমাম হোসেন, নূরুল আলম ও রমজান আলী।
ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মো. জাহাঙ্গীর আলম বলেন, দণ্ডবিধির ৩২৬ ধারায় আসামিদের শাস্তি দেওয়া হয়েছে।
“রায় ঘোষণার পর জেনেছি আসামিদের মধ্যে নজির আহমদ মারা গেছেন। তাকে সাজাপ্রাপ্তদের তালিকা থেকে বাদ দেওয়া হবে। আর দণ্ডিতদের মধ্যে চারজন হাজতে আছেন। চেয়ারম্যানসহ বাকিরা পলাতক।”
তিনি জানান, ১৯৯২ সালে সাতকানিয়ার শান্তির টেকের একটি বাড়িতে ডাকাতি করতে যায় আসামিরা।
“এসময় বাধা পেয়ে ডাকাতরা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান দুই ভাই সিদ্দিক মিয়া ও মোহাম্মদ মিয়া এবং মোহম্মদ মিয়ার স্ত্রী সাজেদা খাতুন।”
এ ঘটনায় নিহতদের আরেক ভাই জাফর আহমেদ মামলা করেন।
আইনজীবী জাহাঙ্গীর আলম জানান, এ মামলায় তিন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং ১৩ জন সাক্ষ্য দিয়েছেন।
