২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষের মামলায় চট্টগ্রামে আয়কর কর্মচারীর সাজা

ঘুষ নেওয়ার মামলায় এক আয়কর কর্মচারীকে এক বছরের কারদাণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2018, 07:17 PM

Updated : 08 Apr 2022, 05:47 PM

মঙ্গলবার চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর রুহুল আমিন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত জাহেদ ইকবাল কর অঞ্চল-৪ এর উচ্চমান সহকারী ছিলেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী (পিপি) মাহমুদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে এক বছরের কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানাও করেছে।

জরিমানার অর্থ পরিশোধ না করলে জাহেদকে আরও তিন মাস কারাদণ্ড ভোগ করতে হবে বলে জানান তিনি।

মামলার নথি থেকে জানা যায়, আবুল কাশেম ভূঁইয়া নামের এক ব্যক্তি তার স্ত্রী আক্তার জাহান বেলার সম্পদ বিবরণীর ভুল সংশোধনের জন্য উচ্চমান সহকারী জাহেদের কাছে গিয়েছিলেন। সে সময় আবুল কাশেমের কাছে ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন জাহেদ। 

বিষয়টি আবুল কাশেম দুদককে জানালে তারা ফাঁদ পেতে জাহেদকে ঘুষের টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার করে।

এ ঘটনায় দুদকের উপ-সহকারী পরিচালক এইচএম আখতারুজ্জামান ২০১৪ সালের ১৩ জুলাই একটি মামলা করেন।

একই বছরের ৩১ ডিসেম্বর মামলার অভিযোগপত্র দেওয়া হয় এবং ২০১৫ সালের ২৬ অগাস্ট আদালত অভিযোগ গঠন করে।

রাষ্ট্রপক্ষে ১৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রায় দেয়।