২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আট কিশোরীর পলায়ন: দুই আনসারসহ চারজন কারাগারে

চট্টগ্রামে সরকারি সেফ হোম থেকে আট কিশোরী পালানোর ঘটনায় দুই আনসার সদস্যসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2018, 07:47 PM

Updated : 19 Aug 2022, 01:23 PM

হাটহাজারি থানার ওসি বেলাল উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দায়িত্বে অবহেলার অভিযোগে সেফ হোম কর্তৃপক্ষ বৃহস্পতিবার রাতে মামলা দায়ের করে।

এরপর দুই আনসার সদস্যসহ চারজনকে গ্রেপ্তার করে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- আনসার সদস্য সুমি আক্তার (২১) ও অনিমা রায় (৩৫), সেফ হোমের আয়া নূরজাহান (৪৫) এবং সহকারী কুক কোহিনুর বেগম (৩৭)।

হাটহাজরি উপজেলার ফরহাদাবাদ এলাকায় অবস্থিত সমাজসেবা অধিদপ্তরের মহিলা ও শিশু-কিশোরী হেফাজতিদের নিরাপদ আবাসন কেন্দ্র থেকে মঙ্গলবার গভীর রাতে ডাইনিং রুমের গ্রিল ভেঙে আট কিশোরী পালিয়ে যায়।

পরদিন একজনকে উদ্ধার করা গেলেও অন্যদের খোঁজ পাওয়া যায়নি।

এ ঘটনায় সমাজ সেবা অধিদপ্তর চট্টগ্রামের পরিচালক নাজনীন কাউসারকে প্রধান করে অতিরিক্ত পরিচালক বন্দনা দাশ এবং উপ-পরিচালক শহীদুল ইসলামকে সদস্য করে তিন সদস্যের কমিটি করা হয়।

দায়িত্বরত দুই আনসার সদস্য এবং হোমের দুই কর্মচারীর গাফিলতির প্রমাণ পাওয়ার কথা মঙ্গলবার রাতে জানান তদন্ত কমিটির প্রধান নাজনীন কাউসার।

তাদের প্রতিবেদনে বলা হয়, সেফ হোমের কম্পাউন্ডে পুলিশ ক্যাম্পের সদস্যরা টহলে ছিলেন না।

সেফ হোমে দায়িত্বরত আনসার ও কম্পাউন্ড এলাকায় পুলিশ ক্যাম্পের সদস্যদের প্রত্যাহারের পাশাপাশি পালিয়ে যাওয়া কিশোরীরা কোনো দালাল চক্রের খপ্পরে পড়েছে কি না তা পুলিশকে খতিয়ে দেখার সুপারিশ করেছে তদন্ত কমিটি।

পুরনো খবর:

৮ কিশোরীর পলায়ন: সেফ হোমে দায়িত্বরতদের গাফিলতির প্রমাণ তদন্তে